আগের জায়গায় পুনর্নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার পৌর হল আগের জায়গায় পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার চারণ সাংস্কৃতিক কেন্দ্র শহরের টাউন হল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক বিটুল তালুকদারের পরিচালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের জেলা সভাপতি তারকেশ্বর দেবনাথ, প্রগতি লেখক সংঘের সদস্যসচিব কামাল হোসেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের নোয়াখালী জেলা সংগঠক স্বর্ণালী আচার্য্য ও ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক মোবারক করিম।
বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলার মধ্যে নোয়াখালী অন্যতম। শহরের প্রবেশমুখে দেড় শ বছরের পুরোনো নোয়াখালী পৌরসভার ভবন ও পৌর মিলনায়তন ছিল। কিন্তু সম্প্রতি পৌর কর্তৃপক্ষ হলটি ভেঙে সেখানে আধাপাকা বিপণিবিতান নির্মাণ করে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বিপণিবিতানের নির্মাণও শুরু হয়েছে, যা খুবই দুঃখজনক।
বক্তারা অবিলম্বে বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ করে ওই স্থানে নতুন করে পৌর হল নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে নোয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র শহিদ উল্যাহ খাঁন বলেন, মাত্র কয়েক দিন আগে তিনি দায়িত্ব নিয়েছেন। শহরে অত্যাধুনিক একটি পৌর হল নির্মাণে বাসিন্দাদের দাবির ব্যাপারে তিনি অবগত। শিগগিরই আগের জায়গায় নতুন পৌর হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।