আগের জায়গায় বসতি স্থাপন করছে রবিদাস পল্লির বাসিন্দারা
এক মাস আগে প্রশাসনের নির্দেশে উচ্ছেদ হওয়া রবিদাসপল্লির ১৩টি পরিবার আগের জায়গাতেই বসতি স্থাপন শুরু করেছে। তারা নিজের উদ্যোগে গত ২৮ অক্টোবর থেকে এখানে বসতি স্থাপন শুরু করে। রবিদাস পল্লির সুকুমার রবিদাস বলেন, ‘আমরা গত ২৮ অক্টোবর থেকে উচ্ছেদ হওয়া জমিতে পুনরায় বসতি স্থাপন শুরু করেছি। ইতিমধ্যে ১২টি খুপরি নির্মাণ শেষ হয়েছে। বাকি একটির নির্মাণকাজও চলছে।’জানা গেছে, গোয়ালচামট মহল্লার রবিদাস পল্লির ১১ শতাংশ জমিতে দলিত শ্রেণীর ১৩টি পরিবার অর্ধশত বছর ধরে বাস করছে। গত ১৯ সেপ্টেম্বর ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরীয়ার মতিন ওই পরিবারগুলোর কাছে উচ্ছেদের নোটিশ পাঠান। ওই উচ্ছেদ নোটিশ চ্যালেঞ্জ করে ২৭ সেপ্টেম্বর তারা সদর সহকারী জজ আদালতে মামলা করলে আদালত জেলা প্রশাসক ও এনডিসিকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু ওই নোটিশ উপেক্ষা করে ২ অক্টোবর এনডিসি তাদের এখান থেকে উচ্ছেদ করেন।