আগের তিনটির চেয়ে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এইচ টি ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আগের তিনটির চেয়ে এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর ও শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছে। এ জন্য তাদের অভিনন্দন।

আজ রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এইচ টি ইমাম এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, এবার খুব একটা ঘটনাবহুল কিছু হয়নি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আগে আপনারা বলেছিলেন, তৃতীয় দফায় অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু দেখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও কত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে জটলা দেখেছে, হাঙ্গামা দেখেছে, সেখানে তারা ব্যবস্থা নিয়েছে।’
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি, গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোত্সব চলছে—বিএনপির এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিএনপি পেশাদারি মিথ্যাচার করছে। তাদের অভিযোগ এখন ‘চ্যাটার বক্সের’ মতো। কাজ নেই অফিসে বসে অনর্গল মিথ্যা কথা বলে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।