আগের দিন ঘরে আগুন পরদিন ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযোদ্ধা ফজলুল হক ভুঁইয়াকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেলে ওই হামলায় ফজলুল হকের স্ত্রী ও দুই ছেলেমেয়েও আহত হয়। মাদক সেবন ও বিক্রিতে প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার ফজলুল হকের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় থানায় মামলা করার জেরেই মাদক ব্যবসায়ী ও সহযোগীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজলুল হক পৌর শহরের বড় বাজারের পুকুর পাড়ে ঝুপড়িঘর করে থাকেন। পাশে এক মাদক ব্যবসায়ীর ঘরে দিনে-রাতে মাদকসেবীদের আড্ডা বসত। ফজলুল হক এসব ঘটনার প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার মাদক ব্যবসায়ীরা তাঁর ঘরে আগুন দেয়। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন। বেলা দুইটার দিকে বাড়িতে গিয়ে হামলা করেন তাঁরা। তবে ওই হামলায় কেউ আহত হয়নি। ঘটনার পর পুলিশ এসে আগুন দেওয়ার মামলায় প্রধান অভিযুক্ত রহিমা বেগমকে আটক করে নিয়ে যায়। পরে বেলা সাড়ে তিনটার দিকে রহিমা বেগমের কয়েকজন আত্মীয় ও মাদক ব্যবসার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুল হকের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে কাউকে ধরতে পারেনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেওয়ান জাহিদুল হক প্রথম আলোকে বলেন, ফজলুল হক ভূঁইয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো কিছুর আঘাতে কাটা। সারা শরীর ফোলা। একই অবস্থা তাঁর স্ত্রী ও মেয়ের। স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন, আগুন দেওয়ার ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এই অভিযোগ অস্বীকার করে আখাউড়া থানার ওসি (তদন্ত) বলেন, আগুনের ঘটনার প্রধান আসামি রহিমা বেগমকে গ্রেপ্তারের পর হামলা ও আহত করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ও প্রথম আলো বন্ধুসভা আখাউড়ায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে। আখাউড়ার ইউএনও খুরশীদ শাহরিয়ার বলেন, দোষী ব্যক্তিদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। শিগরিরই মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।