
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন আজ মঙ্গলবার। তবে আগের দিন থেকেই ক্যাম্পাসে কালো আলখাল্লা আর টুপির ছড়াছড়ি। হইচই আর আনন্দে দিন পার করলেন সমাবর্তনে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা।
আজ যাঁরা সমাবর্তনে অংশ নিচ্ছেন, তাঁদের পদচারণে গতকাল সোমবার ক্যাম্পাস ছিল উৎসবমুখর। উচ্ছ্বাসে-উদ্দীপনায় পুরো ক্যাম্পাস মাতিয়ে বেড়িয়েছেন তাঁরা। শিক্ষাজীবনের চার-পাঁচটি বছর কেটেছে এই বন্ধুদের সঙ্গে। তাঁদের নিয়ে শেষ আনুষ্ঠানিকতা, সমাবর্তনের আগমুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা ছিল ক্যামেরায় ছবি তুলে। কেউ কেউ সেলফিতে ভাগ করে নিলেন আনন্দের মুহূর্ত।
ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে সদ্য স্নাতক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমাবর্তনের দিন তো আনুষ্ঠানিকতাসহ নানান ব্যস্ততা থাকে। তাই আগের দিনটিকেই বন্ধুদের সঙ্গে অনুভূতি বিনিময়ের জন্য বেছে নেওয়া।
হরতাল-অবরোধে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে খানিক আশঙ্কা ছিল। বেলা দেড়টার দিকে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে আর সন্ধ্যায় রাজু ভাস্কর্যের বিপরীতে ও শহীদ মিনারের সামনে তিনটি ককটেল ফাটে। তবে ক্যাম্পাসজুড়ে সমাবর্তন উচ্ছ্বাসে সেসবের কোনো ছাপ পড়েনি।
সমাবর্তন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় কাল (আজ) বিশ্ববিদ্যালয় বা সমাবর্তনের স্টিকারবিহীন কোনো গাড়ি চলবে না। বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় খেলার মাঠের প্রবেশপথে ও চতুর্দিকে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী থাকবে।
সমাবর্তনের আগের দিন কার্জন হল, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, স্বাধীনতাসংগ্রাম ভাস্কর্য, কলাভবন আর বটতলায় যেন শিক্ষার্থীদের মেলা জমে। ছবি তোলার ভিড়ে সব স্থাপনা যেন ঢেকে যাওয়ার দশা।
সমাবর্তনস্থল কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল প্যান্ডেল। প্রবেশপথে তোরণ। গতকাল বিকেলে সেখানে শিক্ষার্থীদের নিয়ে সমাবর্তনের মহড়া দেন শিক্ষকেরা। উপাচার্যের নেতৃত্বে ডিন, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্য, অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালকেরা শোভাযাত্রা করেন। অবশ্য বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা ‘দেশের অস্থিতিশীল অবস্থার কারণে’ এই সমাবর্তন বর্জন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেবেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি। এ সময় তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। বেলা ১১টা ৫৫ মিনিটে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে ১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে। তবে প্রশাসনের নির্দেশ, শিক্ষার্থীদের বেলা ১১টার মধ্যেই আসন গ্রহণ করতে হবে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় সাড়ে ১১টা। আর শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষকেরা কার্জন হলে জড়ো হবেন ১১টা ২০ মিনিটে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ স্নাতকোত্তর শেষ করে এই সমাবর্তনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘শিক্ষাজীবনের স্মরণীয় মুহূর্তগুলোর শেষের আনুষ্ঠানিকতা এই সমাবর্তন। স্নাতক শেষ করে সমাবর্তনে অংশ নিতে পারিনি। কিন্তু এবার আর “মিস” করতে চাই না।’
মোট ৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী এই সমাবর্তনে নিবন্ধন করেছেন। গত বছরের ৭ এপ্রিল সর্বশেষ সমাবর্তন হয়।