আগের নির্বাচনের তথ্য জোগাড় করে প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদদের নিজ নিজ এলাকার অতীতের নির্বাচনী ফলের তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। আওয়ামী লীগের প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। সুতরাং অতীতের নির্বাচনের ফল হাতে নিয়ে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনে গিয়ে আগের সব নির্বাচনের ফল জড়ো করতে হবে। দেখতে হবে অতীতে কারা কারা প্রার্থী হয়েছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল।
দক্ষিণাঞ্চলের এক সাংসদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সাংসদদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। তিনি সাংসদদের উদ্দেশ করে আরও বলেন, জনগণ আপনাদের অনেক দিয়েছেন। এবার তাঁদের কিছু দেওয়ার চেষ্টা করেন। তবেই নির্বাচনে জিততে পারবেন। এলাকায় সাংসদের অবস্থান কী, দলের অবস্থান কী, সবই তাঁর জানা আছে। জনগণের সঙ্গে যাঁদের সম্পর্ক নেই তাঁদের খবরও তাঁর কাছে আছে। এসব সাংসদ যদি বর্তমান সরকারের বাকি মেয়াদে জনগণের কাছাকাছি যেতে ব্যর্থ হন, তবে আগামী নির্বাচনে তাঁরা দলীয় মনোনয়ন পাবেন না।
সাংসদেরা আরও বলেন, সম্প্রতি কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে দেওয়া রায়ের বিষয়টি জনগণের মধ্যে ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ জনগণের কাছে তুলে ধরতে হবে এবং পদ্মা সেতুর বিষয়ে সরকারের নৈতিক জয় ও বিশ্বব্যাংকের নৈতিক পরাজয়সহ সরকারের অন্যান্য উন্নয়নের বিষয়গুলো তুলে ধরতে হবে।
সভায় প্রধানমন্ত্রী ছাড়াও তোফায়েল আহমেদ, শাজাহান খান, হাছান মাহমুদ, জাহিদ মালেক, শামীম ওসমান, মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।