আগের নিয়মে ভর্তি কার্যক্রম চালাতে হবে স্কুলগুলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত মাসিক বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধের নির্দেশের অজুহাত দেখিয়ে বেসরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম স্থগিত রাখা যাবে না। আগের নিয়মেই ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে হবে। কেউ স্থগিত রাখলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাসচিব সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেন।
শিক্ষাসচিব বলেন, কোনো প্রতিষ্ঠান যদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের দোহাই দিয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রাখে, তাহলে সেটা বেআইনি হবে। এ জন্য অভিযুক্ত প্রতিষ্ঠানকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মাউশির মহাপরিচালক বলেন, তিনি নিজেই এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
গত রোববার এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধের নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশের পর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আলাদা নোটিশ দিয়ে বলেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন ও পুরোনো সব ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকে টাকা জমা স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা অনুসারে ভর্তি কার্যক্রম চলবে। আরও কয়েকটি প্রতিষ্ঠানও ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বলে অভিযোগ পেয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তর। ভর্তি কার্যক্রম স্থগিত রাখায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন পুনর্নির্ধারণ করে দিতে যাচ্ছে সরকার। এতে বেতন বর্তমানের চেয়ে কিছু বাড়বে। এই সিদ্ধান্তের পর বেতনের বিষয়টি সমন্বয় করা যাবে।