আগের বক্তব্যে অটল স্বরাষ্ট্রমন্ত্রী, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
ফটক আর স্তম্ভ ধরে ‘টানাহেঁচড়া’ সাভারের রানা প্লাজা ধসে পড়ার কারণ হতে পারে বলে আগের বক্তব্যে অটল আছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথাকথিত হরতাল-সমর্থক লোকজন কারখানা বন্ধ করার জন্য ফাটল ধরা স্তম্ভ নিয়ে টানাহেঁচড়া করেন। এর ফলে ধস হয়েছে কি না বা ধস ত্বরান্বিত হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে বলে তিনি জানান।এর আগে গত বুধবার সাভারে দুর্ঘটনাস্থল ঘুরে এসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে নাড়াচাড়া করেছিল। ভবনটি ধসে পড়ার পেছনে এটিকেও একটি কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ বক্তব্য নিয়ে সমালোচনার জের ধরে সাংবাদিকেরা গতকাল সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন তোলেন। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘এ রকম ঘটনা ঘটতেই পারে। তবে আমরা সবকিছু খতিয়ে দেখছি।’ তিনি এ-ও বলেন, তদন্ত প্রতিবেদনের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাভারে ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকার পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশের একজন পরিচালক, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।