রাজধানীর বনশ্রীতে আলোচিত দুই শিশু হত্যা মামলার একমাত্র আসামি মা মাহফুজা মালেক আগের বক্তব্যেই অনড় রয়েছেন। গতকাল শনিবার রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদেও তিনি হত্যাকাণ্ডের পেছনে দুই সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বেগের কথা বলেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘যতবারই হত্যাকাণ্ড সম্পর্কে মাহফুজা মালেককে জিজ্ঞাসা করা হয়েছে, ততবারই তিনি সন্তান হত্যার কথা স্বীকার করেছেন। কারণ হিসেবে সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তার বাইরে আর কিছুই বলেননি। তবে আমরা হত্যার সঠিক কারণ বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ওসি রফিকুল বলেন, ‘পাঁচ দিনের রিমান্ডের আরও চার দিন বাকি রয়েছে। আশা করছি এই সময়ে সঠিক কারণ বেরিয়ে আসবে।’ স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর গুজবও তিনি উড়িয়ে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক মুস্তাফিজুর রহমানও একই কথা বলেন এবং তদন্তের স্বার্থে দুই শিশুর দাদির সঙ্গেও কথা বলবেন বলে জানান।
এদিকে মামলার পর বাদী ও নিহত দুই শিশুর বাবা আমান উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রামপুরা থানার পুলিশ। পরিবারের সদস্যরাও তাঁর অবস্থান নিশ্চিত করে বলতে পারছেন না।
মামলার তদন্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, বৃহস্পতিবার মামলার পর বাদীর সঙ্গে আর যোগাযোগ হয়নি। তাঁর ভাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনিও ফোন ধরেননি।
তবে রাতে যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাদীর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। প্রয়োজন হলে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
গতকাল আমান উল্লাহ ও মাহফুজা মালেকের ছোট বোন আফরোজা মালেকের বনশ্রীর বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। দুটি বাসাই ছিল তালাবদ্ধ। জামালপুরের বাসায়ও কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি।
তবে মুঠোফোনে মাহফুজা মালেকের ছোট ভাই জাকির হোসেন সরকার বলেন, ‘সুখী একটি পরিবারে কেন এমন ঘটনা ঘটল আমরা জানি না। এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না।’
গত ২৯ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর বনশ্রীর একটি বাসায় দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। নিহত নুসরাত জাহান (১২) ভিকারুননিসা নুন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত। তার ছোট ভাই আলভী আমান (৬) স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়ত। গত বৃহস্পতিবার র্যাবের জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা মাহফুজা মালেক সন্তান হত্যার দায় স্বীকার করেন। ওই রাতেই বাবা আমান উল্লাহ বাদী হয়ে স্ত্রীকে একমাত্র আসামি করে রামপুরা থানায় মামলা করেন।