আগের বছরের প্রশ্নপত্রে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ২০১১ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে এবারের প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা ওই প্রশ্নপত্রের অনেক উত্তর সঠিকভাবে দিতে পারেনি। শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষায় প্রথম সাময়িকের পাঠ্যসূচির বাইরে থেকে ছয়টি প্রশ্ন করা হয়। সিলেবাস-বহির্ভূতপ্রশ্নপত্র তৈরি করায় শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি। ধুনট সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অনুজ, সুমানা জানায়, গণিত বিষয়ের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন করা হয়েছে, তা তাদের পড়ানো হয়নি। অভিভাবক রফিকুল ইসলাম জানান, উপজেলা প্রশ্নপত্র প্রণয়ন কমিটির লোকজন উদাসীনতার পরিচয় দিয়েছে। তাঁদের ভুলের মাশুল শিক্ষার্থীদের গুনতে হচ্ছে। উপজেলা প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সদস্য চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে এটা হয়েছে। উপজেলা প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সভাপতি ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র পাঠ্যসূচি অনুযায়ী করা হয়েছে। তবে ছাপাখানায় প্রশ্নপত্রের শিরোনাম ভুল করা হয়েছে।