আগের ব্যর্থ পথেই হাঁটছে বিআইডব্লিউটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল কাজ না করেই মংলা-ঘষিয়াখালী নৌপথটি চালুর উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। আসল কাজ বলতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা এ নৌপথের সংযোগকারী ৩২টি বড় খালসহ অন্য খালগুলো দখলমুক্ত করা, জোয়ার অববাহিকা (টাইডাল বেসিন) তৈরি এবং পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত পোল্ডার অপসারণকে বোঝাচ্ছেন।
ওই তিনটি কারণে এ নৌপথটি মরে গেছে বলে বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষায় উঠে এসেছে। কিন্তু সমাধান না করে কেবল খনন করে পথটি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর আগে ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে দুই দফা খনন করে পথটি চালুর চেষ্টা করা হয়। দুইবারই এক মাসের মধ্যে পলি ভরাট হয়ে নৌপথটি বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আবার সেই ব্যর্থ পথেই হাঁটছে কর্তৃপক্ষ। এ কাজে অন্তত ২০০ কোটি টাকা খরচ হবে।
২০০৯ সালে এ নৌপথটি বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প পথ হিসেবে ২০১১ সালের এপ্রিল থেকে সুন্দরবনের ভেতর শ্যালা নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করে; যা সুন্দরবনকে ঝুঁকিতে ফেলে। গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডোবার পর মংলা-ঘষিয়াখালী নৌপথ চালুর জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নথিপত্রে দেখা যায়, ১৯৭২-৭৪ সালে খনন করে ৩১ কিলোমিটার দীর্ঘ মংলা-ঘষিয়াখালী নৌপথটি চালু করা হয়। বিনা খননে প্রায় ৪০ বছর চালু থাকা এ পথের স্বাভাবিক প্রবাহ নানা স্থাপনার কারণে বাধাগ্রস্ত হয়। এরপর দুই দফার খননে ২০ দিনের মধ্যে রামপাল এলাকা এবং বাকি এলাকা ৩০ দিনের মধ্যে ভরাট হয়ে যায়। এ বিষয়ে বিশেষজ্ঞ মত নিতে বিআইডব্লিউটিএ ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের (সিইজিআইএস) উদ্যোগে ২০১১ সালের ২২ জানুয়ারি জাতীয় কর্মশালার আয়োজন করা হয়।
বিশেষজ্ঞরাসহ বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রগুলো জানায়, এ নৌপথের দুই পাশে সংযোগকারী ৩২টি খাল রয়েছে। এর বাইরে আছে ছোট আরও প্রায় ৩০০ খাল। মংলা-ঘষিয়াখালী চ্যানেলের দুই দিক থেকে জোয়ারের পানি আশপাশের খালগুলোতে ঢুকত। ভাটার সময় এসব খালের পানি প্রবল বেগে ওই চ্যানেল দিয়ে নেমে যেত। ফলে যে পরিমাণ পলি জোয়ারে আসত, তা আবার ভাটায় নেমে যেত। কিন্তু আশির দশকে এসব খালে বাঁধ দিয়ে আশপাশে চিংড়িঘের তৈরি শুরু হয়। ক্রমে তা বাড়তে থাকে। এভাবে একপর্যায়ে বিভিন্ন এলাকায় অনেক খাল দখল করে ঘের ও অন্যান্য স্থাপনা তৈরি হয়। এ কারণে স্বাভাবিক জোয়ারপ্রবাহ কমতে থাকে। এর সঙ্গে যুক্ত হয় লোনা পানি আটকাতে পাউবোর নির্মিত পোল্ডার বা বেড়িবাঁধ।
নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়া বিশেষজ্ঞ মতামতে বলা হয়, বিষ্ণু ও দাউদখালী নদীর জোয়ার-ভাটা প্লাবনভূমিতে বেড়িবাঁধ নির্মাণের কারণে জোয়ারের পানির পরিমাণ কমে যায়। একই সঙ্গে উজান থেকে আসা মিঠা পানির পরিমাণও কমে লবণাক্ততা বাড়ায়। এটাও এ অঞ্চলের নদী ও খালগুলো ক্রমান্বয়ে মৃতপ্রায় হওয়ার একটি কারণ। এতে শুধু নৌ চলাচলেই বিঘ্ন ঘটছে না, পানিনিষ্কাশনেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এ সমস্যা সমাধানের জন্য নদী খননের পাশাপাশি জোয়ার অববাহিকা সৃষ্টি করাসহ অন্যান্য প্রশমনমূলক ব্যবস্থা নেওয়া আবশ্যক।
অবশ্য পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, ওই এলাকায় পোল্ডার স্থাপনের জন্য নতুন করে ১৬৭ কোটি টাকার যে একটি প্রকল্প শুরু করা হয়েছিল, তা আপাতত বন্ধ রাখার জন্য গত ২৩ ডিসেম্বর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া খালগুলো দখলমুক্ত করার জন্য গত ২২ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানতে চাইলে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ গত শনিবার প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগেই খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, তাঁরা চেয়েছিলেন খননযন্ত্র দিয়ে কাটতে। কিন্তু দুর্গম এলাকায় তা নেওয়া সম্ভব হচ্ছে না। কাজটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে কাজ চলছে।
এর আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর নৌপথ সম্পর্কে পরিবেশ ও বন মন্ত্রণালয়, সিইজিআইএস ও ইনস্টিটিউট অব ওয়াটার মেটোলজি (আইডব্লিউএম) ও পাউবোর সুপারিশের আলোকে নৌ মন্ত্রণালয়ে এক সভা হয়। তাতে বলা হয়, সিইজিআইএস ও আইডব্লিউএমের তথ্যানুসারে, এ এলাকায় অধিক পোল্ডার স্থাপন করায় বন্যা ও জোয়ারে বাহিত পলিতে নাব্যতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার স্বার্থে স্থাপিত পোল্ডার সম্ভাব্য ক্ষেত্রে অপসারণ এবং ভবিষ্যতে নতুন পোল্ডার স্থাপনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য সুপারিশ করা হয়।
এরপর ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি সিইজিআইএস-কে এ বিষয়ে সমীক্ষা করার জন্য পরামর্শক নিয়োগ করা হয়। সিইজিআইএসের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে তাদের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বিষ্ণু ও দাউদখালী নদী খনন করে জোয়ার-ভাটার প্লাবনভূমিতে প্রবেশের ব্যবস্থা, মংলা-ঘষিয়াখালীর সঙ্গে সংযোগকারী ১৩-১৪টি খাল খনন করে জোয়ার অববাহিকা তৈরি, পোল্ডার স্থাপনের মাধ্যমে নদীর যে জোয়ার অববাহিকার আয়তন হ্রাস করা হয়েছে, তা বৃদ্ধি করতে হবে। এসব কাজ এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে খননকাজ শেষ হওয়ার পর পুরো এলাকায় জোয়ার-ভাটার প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
কিন্তু এসব পরামর্শ গ্রহণ না করেই কেবল খননের উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমি এ বিষয়ে সেরা বিশেষজ্ঞ। আমি জানি, কী করলে কাজটি সাসটেইনেবল (টেকসই) হবে।’
নথিপত্র অনুযায়ী, মোট এক কোটি ঘনমিটার মাটি খননের লক্ষ্যমাত্রার মধ্যে ৩০ লাখ ঘনমিটার বিআইডব্লিউটিএ খনন করার কথা। বাকি কাজের একটি অংশ নৌবাহিনীকে দিয়ে এবং অপর অংশ বাইরের প্রতিষ্ঠানকে দিয়ে খনন করানোর সিদ্ধান্ত হয়েছে। বিআইডব্লিউটিএ গত ২২ মে পাঁচটি ড্রেজার দিয়ে খনন শুরু করেছে। পরে আরও তিনটি ড্রেজার নেওয়া হয়। এ পর্যন্ত তারা সাত লাখ ঘনমিটার মাটি খনন করেছে।
গত শনিবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান প্রথম আলোকে জানান, বিআইডব্লিউটিএ ৩০ লাখ ঘনমিটার একা কাটতে পারব না। তাই এ কাজে বসুন্ধরা গ্রুপসহ অন্য প্রতিষ্ঠানের মিলিয়ে ১১টি ড্রেজার লাগানো হবে। এ ছাড়া ২০টি খননযন্ত্র পাঠানো হচ্ছে। সেগুলো পথে আছে। তিনি বলেন, তাঁরা এখন ১৫০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর খনন করে যত তাড়াতাড়ি সম্ভব একমুখী পথে (ওয়ানওয়ে) জাহাজ চলার ব্যবস্থা করতে চাইছেন।
কিন্তু এ বিষয়ে ওয়াকিবহাল নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, খাল দখল ও পোল্ডারমুক্ত এবং জোয়ার অববাহিকা তৈরি না করে আগের মতো কেবল খনন করলে সেটা টিকবে না। নিকট অতীতের দুই দফা বাস্তব অভিজ্ঞতাও তা-ই বলছে। কিন্তু বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে। তাই চাকরির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে তড়িঘড়ি করে সরকারকে এসব উদ্যোগ দেখাতে চাইছেন।