
সময়টা ষাটের দশকেরও আগে। ফজলুর রহমান ঢাকার নবাবপুরে ঘড়ির ব্যবসা করতেন। পরে বায়তুল মোকাররম মার্কেট হলে নিজেই সেখানে ঘড়ির ব্যবসার গোড়াপত্তন করেন। সে ব্যবসা এখন চার পুরুষে এসে ঠেকেছে। কিন্তু ব্যবসা আর আগের মতো জমজমাট নেই।
গুলিস্তানের বায়তুল মোকাররম মার্কেটের দোতলায় ১৯৬০ সালে আত্তার অ্যান্ড সন্স যাত্রা শুরু করে। মার্কেটের সবচেয়ে বড় ও প্রথম ঘড়ির দোকান। এরপরে অনেক ঘড়ির দোকান গড়ে ওঠে। দেশের বড় ঘড়ির বাজার হিসেবে পরিচিতি পায় বায়তুল মোকাররম মার্কেট। আত্তার অ্যান্ড সন্স বিদেশ থেকে নানা ব্র্যান্ডের ঘড়ি আমদানি করত। বিদেশি পর্যবেক্ষকেরাও আসতেন তাঁদের মেরামতের কাজ দেখতে।
ফজলুর রহমানের স্ত্রীর নাম ছিল আত্তার। সে নামেই দোকানের নামকরণ করা হয়। পরে তাঁর ছেলে আনোয়ার হোসেন দোকানের দায়িত্ব নেন। ১৯৭৫ সালে আনোয়ার হোসেনের বড় ছেলে আবদুল্লাহ আহসান দোকানে বসা শুরু করেন। ধীরে ধীরে বাবার কাছ থেকে ব্যবসা বুঝে নেন।
গতকাল বুধবার আত্তার অ্যান্ড সন্সে গিয়ে কথা হয় আবদুল্লাহ আহসানের সঙ্গে। তিনিই শোনালেন নিজেদের পারিবারিক এই ব্যবসার আদ্যোপান্ত। আবদুল্লাহ বলেন, ‘এটা এখন আমার কাছে শখের ব্যবসা। ঐতিহ্য হিসেবে ধরে রেখেছি। আমাদের পরে অনেক দোকানই হয়েছিল, কিন্তু বাজার খারাপ হওয়া শুরু করলে তাঁরা আর থাকেনি।’ জানালেন, বায়তুল মোকাররমকে মানুষ এখন ঘড়ির চেয়ে জুয়েলারি মার্কেট হিসেবে বেশি চেনে। নিজেদের বড় দোকানটিও এখন ভেঙে দুটি দোকান করে ভাড়া দিয়েছেন। পাশেই নিজেরা ছোট পরিসরে আরেকটি দোকানে আত্তার অ্যান্ড সন্সকে নিয়ে গেছেন। এ মার্কেটের নিচতলায় তাঁর ছোট ভাইয়ের আরেকটি ঘড়ির দোকান আছে।
আবদুল্লাহ তাঁদের দোকানের সত্তরের দশকের কিছু ছবি বের করেন। ছবি দেখলেই বোঝা যায়, ওই সময়ে ব্যবসা কতটা জমজমাট ছিল। তিনি বলেন, ২৯ জন কর্মচারী কাজ করতেন। এখন দুই ভাইয়ের দোকানে পাঁচজন কর্মচারী আছেন। আগে প্রায় ২৯টি ঘড়ির দোকান ছিল, এখন ২২টির মতো আছে। বললেন, ‘মাসে ৯০ হাজার টাকার মতো বিক্রি হতো। এখন ১০ হাজার হয়।’ আবদুল্লাহ বলেন, মোবাইল আসার পর থেকেই ঘড়ির প্রয়োজনীয়তা কমতে থাকে। এখন হাতঘড়ির চেয়ে দেয়ালঘড়ি বেশি বিক্রি হয়।
রাডো, সিকো, ক্যাসিওর মতো বিভিন্ন ব্র্যান্ড ও চায়নিজ ঘড়ি পাওয়া যায় আত্তার অ্যান্ড সন্সে। ৫০০ টাকা থেকে ৭৫ হাজার টাকা দামের ঘড়ি পাওয়া যাবে। তবে অনেক দিন ধরে বিদেশ থেকে আমদানি বন্ধ। এ প্রসঙ্গে আবদুল্লাহ বলেন, ‘২০০০ সাল থেকেই ঘড়ির ব্যবসা পড়তে থাকে। তখন দোকানও ছোট করি। আর ইম্পোর্টও বন্ধ করে দিই।’ এখন ইসলামপুর থেকে ঘড়ি আনেন।
আবদুল্লাহ এখন দোকানে তেমন বসেন না। তাঁর ছোট ছেলে তাহসিন হাসানের হাতে ছেড়ে দিয়েছেন। তাহসিন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার হাল ধরেছেন। বাবা আবদুল্লাহর মতে, ঘড়ির ব্যবসার এই অবস্থা ২০২০ সাল পর্যন্ত এমনই থাকবে। কিন্তু ছেলে তাহসিন আশাবাদী, ব্যবসা আবার আগের মতো হবে। এখনো অনেক পুরোনো ক্রেতা আছেন, যাঁরা এ দোকানের ঘড়ি পরতে পছন্দ করেন। তিনি বলেন, ‘এখন মানুষ ফ্যাশন হিসেবে আবার ঘড়ি পরা শুরু করেছে। বিভিন্ন স্টাইলিশ ঘড়ির প্রতি আগ্রহ বেড়েছে।’ আত্তার অ্যান্ড সন্স অনলাইনেও ঘড়ি বিক্রি করে। হোম ডেলিভারির ব্যবস্থা আছে।