আগের মতোই বাড়তি যাত্রী নিয়ে চলছে ত্রুটিপূর্ণ লঞ্চ
রাজধানীর সদরঘাট টার্মিনাল। গত বৃহস্পতিবার বিকেল চারটার চিত্র। মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছে একটি লঞ্চ। খালি চোখেই বোঝা যাচ্ছিল ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী উঠেছে। তখন আবার উঠল একগাদা ঢেউটিন। লঞ্চের পেছন দিয়ে ওঠার চেষ্টা করছিলেন আরও যাত্রী। কর্মচারীরা তাঁদের বাধা না দিয়ে বরং আমন্ত্রণই জানালেন।
নিয়ম থাকলেও যাত্রীতে টইটম্বুর লঞ্চটিতে জীবন রক্ষাকারী বয়া দেখা যায়নি। টার্মিনালে দেখা যায়নি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বা সমুদ্র পরিবহন অধিদপ্তরের কাউকে খবরদারি করতে। বেশির ভাগ লঞ্চেই সেদিন এভাবে যাত্রী উঠছিলেন।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্র-মতে, ৩১ এপ্রিল পর্যন্ত কালবৈশাখীর মৌসুম হলেও যেকোনো সময় নৌদুর্ঘটনা ঘটতে পারে।
যাত্রী পরিবহনে নিরাপত্তার নিয়মকানুন না মানার সর্বব্যাপী প্রবণতা ছাড়াও লঞ্চের নির্মাণত্রুটি দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। দেশের নৌপথে প্রায় দেড় হাজার ছোট-বড় নৌযান চলছে, যার অনেকগুলোই বিভিন্ন মাত্রায় ঝুঁকিপূর্ণ। এসব নৌযান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ সেন্টারে পরীক্ষা করার কথা। অ্যাকসিডেন্ট রিসার্চ সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, নিকট অতীতে কোনো লঞ্চের তথ্য বা নকশা তারা বুঝে পায়নি। প্রসঙ্গত, সড়ক, বিমান ও নৌপথে চলাচলকারী যান পরীক্ষা করার জন্য এই গবেষণাগার মাঠপর্যায়ে কাজ করে।
সরকারি জরিপমতে, ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন রুটের বেশির ভাগ লঞ্চই চলাচল করে ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ যাত্রী নিয়ে। লঞ্চের অনুমোদিত কাঠামোও বদলে ফেলা হয়, যে কারণে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। অনেক লঞ্চের নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র গায়েব হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, অপরাধ লুকাতেই কৌশলে ফাইল থেকে এগুলো গায়েব করা হয়।
যাত্রী বহনকারী লঞ্চের নকশা অনুমোদন করে বিআইডব্লিউটিএ। নিবন্ধন দেয় সমুদ্র পরিবহন অধিদপ্তর। কিন্তু এ দুটি পক্ষের মধ্যে সমন্বয় হয় না। এ ছাড়া লঞ্চ যে ডকইয়ার্ডে নির্মাণ হয়, সেখানে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিয়োজিত তদারককারীরা ঠিকমতো কাজ করেন না বলেও অভিযোগ আছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা গতকাল রোববার বলেন, গত ২০ এপ্রিল অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় বলা হয়, চালু লঞ্চগুলোর মধ্যে অন্তত চার শ দুর্বল বা ঝুঁকিপূর্ণ। এগুলোর বেশির ভাগই দৈর্ঘ্যে ৪০ মিটারের নিচে। মূল কাঠের কাঠামোতে লোহা বা ইস্পাতের মতো ধাতব পদার্থ যুক্ত করা এবং উচ্চতা বাড়ানোর কারণে এগুলো ভারসাম্যহীন হয়ে পড়েছে। সভায় এ জন্য এখন থেকে নতুন নকশায় নৌযান তৈরির প্রস্তাব করা হয়। এতে বলা হয়, নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে লঞ্চ মালিকদের লিখিত চুক্তি থাকতে হবে।
জানা যায়, ২০০৪ সালের দিকে ৬৭টি ঝুঁকিপূর্ণ লঞ্চের তালিকা করা হয়। পরে এর সবগুলোকে বিনষ্ট করা হয় বলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম জানান। আরও কিছু লঞ্চের বিরুদ্ধে অনুমোদিত নকশা লঙ্ঘন এবং ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী পরিবহনের অনুমতি নেওয়ার গুরুতর অভিযোগ আছে।
এ কে এম ফখরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ লঞ্চের বিরুদ্ধে অতীতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখনো দুর্বল কিছু লঞ্চ রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।