আগের মামলার মতোই রায় কার্যকর হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগের রায়গুলো যেভাবে কার্যকর করা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ক্ষেত্রে তেমনটাই হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করেছেন। এতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রয়েছে।
পুনর্বিবেচনার রায় কোনো মামলার বিচারিক প্রক্রিয়ার সবশেষ ধাপ। পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় সবশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকছে নিজামীর। তিনি প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে তাঁর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
নিজামীর মামলা প্রসঙ্গে আনিসুল হক বলেন, পুনর্বিবেচনার রায় প্রকাশ হতে বেশি সময় লাগার কথা নয়।
নিজামীর দণ্ড কার্যকরের ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এখন আইনের একটাই ধাপ বাকি। ফাঁসির আসামি চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার পর বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছিল, তা থেকে ধীরে ধীরে আইনের শাসনে ফিরে যাচ্ছে বাংলাদেশ। নিজামীর মামলার রায় তার জ্বলন্ত প্রমাণ। এর মাধ্যমে কিছুটা হলেও ভারমুক্ত হওয়া গেছে।