আগের রাতে বাবা, পরের রাতে ছেলের মৃত্যু!

বুধবার রাত একটার দিকে মারা যান মোকতার আহমদ (৬০)। এর পরদিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা গেলেন তাঁর ছেলে আবদুস শুক্কুর (৪০)। বাবা-ছেলের এই মৃত্যুতে তাঁদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোকতার আহমদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার নন্দীরপাড়া গ্রামে। তিনি পেশায় কৃষক। তাঁর ছয় ছেলে, দুই মেয়ে। টানাটানির সংসারে খাবার জোটাতেই হিমশিম খেতে হতো মোকতারকে। অসুখ-বিসুখ সেখানে গোদের ওপর বিষফোড়া। গত কয়েক মাস ধরে লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন মোকতার। চিকিৎসার খরচ চালাতে পারেননি। গত বুধবার রাত একটার দিকে মারা যান তিনি।
অন্যদিকে মোকতার আহমদের বড় ছেলে আবদুস শুক্কুরও লিভার সিরোসিসে ভুগছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। আবদুস শুক্কুরের তিন ছেলে। বড় ছেলে শাকিবুল ইসলামের এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু বাবার অসুস্থতায় আর পরীক্ষায় অংশ নেওয়া হয়নি তার। মেজ ছেলে রিফাত চতুর্থ শ্রেণিতে পড়ে। আর ছোট ছেলে মো. হামিমের বয়স চার বছর। আজ শুক্রবার বিকেলে নন্দীরপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে শুক্কুরকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক প্রথম আলোকে বলেন, মোকতার আহমদ ও তাঁর ছেলে আবদুস শুক্কুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেক ভালো মানুষ ছিলেন তাঁরা। অর্থাভাবে ভালোমতো চিকিৎসা করাতে পারেননি তাঁরা। ওই পরিবারটির এখন পথে নামা ছাড়া অন্য কোনো উপায় নেই।
আবদুস শুক্কুরের স্ত্রী রুবাইদা বেগম (৩২) বলেন, তাঁর স্বামী পেশায় কৃষক ছিলেন। ভিটে ছাড়া সহায়-সম্পদ কিছুই নেই। এখন স্বামীর মৃত্যুর পর তাঁরা কীভাবে চলবেন, সেই চিন্তায় চোখে অন্ধকার দেখছেন।
স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, একটি পরিবারে এক দিনের ব্যবধানে দুজনের মৃত্যু মেনে নেওয়া যায় না। অভাবই তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
মোকতার ও তাঁর ছেলের চিকিৎসার কাগজপত্র দেখে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, দুজনই লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। যথাসময়ে সঠিক চিকিৎসা পেলে এ রোগ ভালো হয়।