আগের সরকার প্রশাসনে দলীয়করণ করেছে, বর্তমান সরকারও করছে—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি বর্তমান সরকার। পদোন্নতি ও নিয়োগ-বদলির ক্ষেত্রে মেধার চেয়ে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার সংস্কৃতি থেকে গত এক বছরে সরকার বেরিয়ে আসতে পারেনি। ফলে প্রধানমন্ত্রী বারবার নির্দেশ দেওয়ার পরও প্রশাসনে অস্থিরতা কমেনি, গতি আসছে না কাজেও। নীতি গবেষণা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘সরকারি প্রশাসনবিষয়ক প্রতিবেদন-২০০৯’-এ তথ্য বেরিয়ে এসেছে। জাতীয় প্রেসক্লাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয় এবং এর ওপর আলোচনা করেন জনপ্রশাসন নিয়ে গবেষণায় নিয়োজিত ব্যক্তিরা। মূলত পত্রপত্রিকার প্রতিবেদন এবং কিছু কেস স্টাডির ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে গবেষণাকারী প্রতিষ্ঠান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের ভূমিকা, পছন্দমতো বদলি, পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের পরামর্শ অগ্রাহ্য, বিদ্যমান পদের চেয়ে অধিক পদোন্নতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা এবং চুত্তিভিত্তিক নিয়োগ প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করেছে। ওএসডি ও পদের অতিরিক্ত পদোন্নতির কারণে বছরে সরকারের পৌনে তিন কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, জনপ্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত আচরণবিধি মানেন না। অধস্তনরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখে তাদের আচরণ ঠিক করে। রাজনৈতিকীকরণ সেখান থেকেই শুরু। প্রশাসনে গতিশীলতা আনার জন্য সরকার ব্যবস্থার মতো প্রশাসনেও ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, মেধাহীন লোক বেশি মাত্রায় রাজনৈতিকীকরণের খপ্পরে পড়ে। তাই জনপ্রশাসনে মেধাহীন নিয়োগ বন্ধ করতে হবে। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, সরকারের দিনবদল জনপ্রশাসন থেকে শুরু করতে হবে। গবেষণা কর্মের সংক্ষিপ্তসার তুলে ধরেন মাহবুবুল হক। প্রতিবেদনে ‘সিভিল সার্ভিস অ্যাক্ট’ প্রণয়নের উদ্যোগ, বাস্তবসম্মত বেতন স্কেল ঘোষণা, কর্মকর্তাদের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার ১৩ মাস আগে বদলি না করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান বক্তব্য দেন।