নির্বাচনের দুদিন আগে পোলিং এজেন্টদের তালিকা জমা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ফলে ভোট গ্রহণের দিন সকালেই প্রিসাইডিং কর্মকর্তার কাছে প্রার্থীরা এজেন্টদের নামের তালিকা জমা দিতে পারবেন।
এ বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোট গ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীরা এজেন্টদের তালিকা প্রিসাইডিং কর্মকর্তার কাছে জমা দেবেন।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় গত বৃহস্পতি ও শুক্রবার প্রার্থীদের কাছে পোলিং এজেন্টের তালিকা চায়। এর বিরোধিতা করেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। দুদিন আগে তালিকা দেওয়া হলে ওই তালিকার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাতে পারে বলে তাঁর আশঙ্কার কথাও রিটার্নিং কর্মকর্তাকে জানান।