তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন কাল মঙ্গলবার শুরু হচ্ছে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে (পুরাতন সংসদ ভবন) এ সম্মেলনের উদ্বোধন করবেন। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সম্মেলনের প্রস্তুতির তথ্য তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতবারের সম্মেলনে ৫২৩টি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ৪২৭টির বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ, সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৮১ শতাংশ। বাস্তবায়নের এই পরিস্থিতি সন্তোষজনক। কিছু প্রস্তাব বাস্তব কারণেই বাস্তবায়ন করা যায়নি।মন্ত্রিপরিষদ সচিব জানান, এই সম্মেলনে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা ও সিদ্ধান্ত হবে। সম্মেলনে মোট ২৪টি অধিবেশন হবে। দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, জেলা প্রশাসকেরা মাঠপর্যায়ে সরকারের সামগ্রিক বিষয়ে প্রতিনিধিত্ব করেন। তাঁদের সব মন্ত্রণালয়ের কাজ করতে হয়। এই সম্মেলনে মাঠপর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নকারীদের সঙ্গে নীতিনির্ধারকেরা এক হয়ে সরাসরি বার্তা দিতে পারবেন। আর জেলা প্রশাসকেরাও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেবেন। এ জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।