আগের ১৪ সংশোধনী
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর জাতীয় সংসদে দেশের প্রথম সংবিধান গৃহীত হয়। এরপর থেকে ২০১০ সালের ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ১৪টি সংশোধনী আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনী গৃহীত হয়েছে। অর্থাৎ ৩৯ বছরে ১৫ বার সংশোধন করা হয়েছে সংবিধান। প্রথম সংশোধনীসংবিধানের প্রথম সংশোধনী হয় ১৯৭৩ সালের জুলাই মাসে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়।সংযোজিত উপধারায় গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আইন তৈরি করা ও তা কার্যকর করার বিধান রাখা হয়।দ্বিতীয় সংশোধনী১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় সংশোধনী আনা হয়, যার মাধ্যমে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে (২৬, ৬৩, ৭২ ও ১৪২) সংশোধন আনা হয়।নিবর্তনমূলক আটকাদেশের বিধান, জরুরি অবস্থা ঘোষণা এবং এ সময় মৌলিক অধিকার স্থগিত করার বিধান এ সংশোধনীর মাধ্যমে সংযোজন করা হয়।তৃতীয় সংশোধনীভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য ১৯৭৪ সালের ২৮ নভেম্বর এই সংশোধনী আনা হয়। ভারতের কিছু অংশ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের কিছু অংশ ভারতে যাবে—এই চুক্তি বাস্তবায়নের জন্যই তৃতীয় সংশোধনী আনা হয়। চতুর্থ সংশোধনী১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এ সংশোধনীর মাধ্যমেই দেশের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়।চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু করা; একদলীয় শাসনব্যবস্থার প্রবর্তন করা; রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ বৃদ্ধি এবং রাষ্ট্রপতি অপসারণ-পদ্ধতি পরিবর্তন করা; সংসদকে একটি ক্ষমতাহীন বিভাগে পরিণত করা; মৌলিক অধিকার বলবৎ করার অধিকার বাতিল করা; বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা ও উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়।পঞ্চম সংশোধনীজাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। পঞ্চম সংশোধনী সংবিধানে কোনো বিধান সংশোধন করেনি। ১৯৭৫-এর ১৫ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে জারি করা সামরিক শাসন এবং এই শাসনামলে জারি করা ফরমান (১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ এপ্রিল ১৯৭৯) ঘোষণা ও দণ্ডাদেশ বৈধ বলে অনুমোদন দেওয়া হয়। আদালত এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন। ষষ্ঠ সংশোধনী১৯৮১ সালের ১০ জুলাই এ সংশোধনী আনা হয়। ষষ্ঠ সংশোধনী কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে করা হয়নি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আবদুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে আবদুস সাত্তারকে মনোনয়ন দেয়।এই সংশোধনীর মাধ্যমে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদকে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদ বলে গণ্য করা হবে না। এর ফলে বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার বৈধতা দেওয়া হয়। মূলত একজন ব্যক্তির সুবিধার জন্য এ সংশোধনী আনা হয়। সপ্তম সংশোধনীরাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত দেশে সামরিক শাসন বহাল ছিল। এ সময়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন। ১৯৮৬ সালের ১১ নভেম্বর জাতীয় সংসদে সপ্তম সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে এরশাদের সামরিক শাসনামলে জারি করা সব আদেশ, আইন ও নির্দেশকে বৈধতা দেওয়া হয় এবং আদালতে এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন না করার বিধান করা হয়। এই সংশোধনীতে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়। ২০১০ সালের ২৬ আগস্ট এই সংশোধনী আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হয়।অষ্টম সংশোধনী১৯৮৮ সালের ৯ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে (২, ৩, ৫, ৩০ ও ১০০) পরিবর্তন আনা হয়।এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়, হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা এবং ইংরেজিতে ঢাকার বানান (উধপপধ-এর পরিবর্তে উযধশধ) করা হয়।নবম সংশোধনীনবম সংশোধনী আনা হয় ১৯৮৯ সালের ১১ জুলাই। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে নিয়ে কিছু বিধান সংযোজন করা হয়। এই সংশোধনীর আগে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি যতবার ইচ্ছা রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করতে পারতেন। এই সংশোধনীর পর অবস্থার পরিবর্তন হয়েছে।দশম সংশোধনী১৯৯০ সালের ১২ জুন দশম সংশোধনী বিল পাস করা হয়। এতে সংরক্ষিত আসনে নারী সাংসদের সংখ্যা ১৫ থেকে ৩০ জনে উন্নীত করা হয়। একাদশ সংশোধনী১৯৯১ সালে এই সংশোধনী পাস হয়। এর মাধ্যমে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ বৈধ ঘোষণা করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন এবং উপরাষ্ট্রপতি/অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তাঁর কর্মকাল বিচারপতি হিসেবে বলে গণ্য হবে।দ্বাদশ সংশোধনী১৯৯১ সালের এই সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর দেশে রাষ্ট্রপতিশাসিত সরকারের পরিবর্তে পুনরায় প্রধানমন্ত্রীশাসিত সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়।ত্রয়োদশ সংশোধনীজাতীয় নির্বাচন পরিচালনার জন্য ১৯৯৬ সালের ২৬ মার্চ এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়। চতুর্দশ সংশোধনী২০০৪ সালের ১৬ মে এই সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান করা হয়।