২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রথম অভিযোগপত্রের ৬১ সাক্ষীকে জেরা করতে চান সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন আসামির কৌঁসুলিরা। এ জন্য তাঁরা গতকাল বুধবার আদালতে আবেদন করেছেন।আসামিপক্ষের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি জটিলতার প্রশ্নে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গতকাল সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি করেন। এ বিষয়ে আদেশ ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে এই আদালতে ১৮ মার্চ বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নতুন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গতকাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তিনি আদালতে হাজির ছিলেন।নতুন আসামিদের মধ্যে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হক ও আশরাফুল হুদার আইনজীবী টি এম আকবর সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন করেন। তিনি আদালতকে বলেন, এই মামলায় ২০০৮ সালে ২২ জনকে আসামি করে প্রথম অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ৬১ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৩ আগস্ট অধিকতর তদন্তের আদেশ দেওয়া হয়। গত বছরের ৩ জুলাই শহুদুল হক ও আশরাফুল হুদাসহ ৩০ জনকে নতুন আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। আইনে বলা হয়েছে, আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হতে হবে। প্রথম অভিযোগপত্রভুক্ত ৬১ জনের সাক্ষীর সময়ে নতুন ৩০ আসামি ছিলেন না। তাই তাঁদের পক্ষে জেরা করার সুযোগ ছিল না। এ কারণে ন্যায় বিচারের স্বার্থে ওই সাক্ষীদের নতুন আসামিপক্ষের জেরা করা প্রয়োজন। এরপর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে মাহবুব আহমেদ, জামায়াতের নেতা আলী আহসান মুজাহিদের পক্ষে আবদুর রাজ্জাক, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া একই আবেদন করেন।এ আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তিনি আদালতকে বলেন, ৬১ জনের মধ্যে যেসব সাক্ষী নতুন আসামিদের সম্পর্কে বলেছেন, তাঁদের জেরা করতে পারেন। তবে এ ব্যাপারে আসামিপক্ষকে অবশ্যই সুনির্দিষ্ট প্রশ্ন আকারে আবেদন করতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। তাই আসামিপক্ষের দরখাস্ত গ্রহণ করার কোনো যুক্তি নেই। মামলার আরেক আসামি বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে আইনজীবী বোরহান উদ্দিন ও রেজাউল করিম সরকার আদালতকে বলেন, কায়কোবাদকে এই মামলায় পলাতক দেখানো হয়েছে। তিনি অসুস্থ। সংসদ থেকে ছুটি নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। ১৮ মার্চ জাতীয় সংসদের স্পিকার আবারও কায়কোবাদের ছুটির আবেদন মঞ্জুর করেন। সংসদে উপস্থিত কোনো সাংসদ এর বিরোধিতা করেননি।এই আইনজীবীরা আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। ২০০৮ সালে প্রথম অভিযোগপত্র দেওয়া হয়। তাতে কায়কোবাদের নাম ছিল না। তিনি ২০১০ সালের মার্চে চিকিৎসার জন্য বিদেশে যান। আর ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তাই তাঁকে পলাতক দেখানোর কোনো সুযোগ নেই। তদন্ত কর্মকর্তার দায়িত্ব ছিল এ বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়া। তাহলে এই আইনি জটিলতার সৃষ্টি হতো না। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, পলাতক এই আসামির পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগ দেওয়া হয়েছে। তাই তাঁর পক্ষে অন্য কারও বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় কায়কোবাদের জন্য সরকার নিয়োজিত আইনজীবী (স্টেট ডিফেন্স) আশরাফ-উল আলম আদালতে উপস্থিত ছিলেন।এরপর বিচারক বলেন, আসামিপক্ষ যে আবেদন করেছে, তাতে আইনগত বিষয় পর্যালোচনা করে আদেশ দিতে হবে। তাই সাক্ষ্য গ্রহণের কার্যক্রম মুলতবি করা হলো। আগামী তারিখে আদেশ ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হলো। এই মামলায় কারাগারে থাকা ৩২ জন ও জামিনে থাকা একজন গতকাল আদালতে হাজির ছিলেন।