আগেরটায় প্রাণ গেল, এবার যায় যায়
বরগুনা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের পর রিনা আক্তার নামে এক প্রসূতির অবস্থার অবনতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সময় ওই প্রসূতি কিডনি ও মূত্রনালিতে গুরুতর আঘাত পেয়েছেন।
১৭ নভেম্বর আরেক প্রসূতি বরগুনার হাসপাতালে অস্ত্রোপচারের পর কিডনি অকেজো হয়ে মারা যান। ওই ঘটনায় গাইনি বিভাগের চিকিৎসক মজিবুর রহমান টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেন। পরিবারের সদস্যরা জানান, বরগুনা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের পর রিনার প্রচুর রক্তক্ষরণ হলে তাঁকে বরিশাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। গত বৃহস্পতিবার বিকেলে আবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা করতে অপারগতা জানান। পরে শুক্রবার বিকেলে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ১১ নভেম্বর বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মজিবুর রহমান ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।
রিনার ছোট ভাই শহিদুল জানান, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রিকশাচালক বাদলের স্ত্রী প্রসূতি রিনা আক্তারকে ১১ নভেম্বর বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল হাসপাতালে রিনার অস্ত্রোপচার করেন মজিবুর রহমান। এ সময় রিনা এক ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু ওই দিন বিকেল পর্যন্ত রিনার জ্ঞান ফেরেনি। পরে তাঁরা বিষয়টি চিকিৎসককে জানালে আবার রোগীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সেখানে রিনার প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় ওই চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরাও তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
১৩ নভেম্বর রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারে রিনার কিডনি ও মূত্রথলি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। এ অবস্থায় তাঁরা রোগীর কিডনি ডায়ালাইসিস করার পরামর্শ দেন। টাকার অভাবে বোনের ডায়ালাইসিস না করেই তাঁকে বরগুনায় নিয়ে আসেন। বৃহস্পতিবার বিকেলে আবার তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রিনা আক্তারকে অক্সিজেন দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। রিনার পাশে স্বজনেরা কান্নাকাটি করছেন। এ সময় রিনার বাবা আলম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে ভর্তির পর কোনো ডাক্তার আমার মাইয়্যারে চিকিৎসা দেতে চায় না। হ্যাগো ধারে গ্যালে ধমক দেয় আর ঢাকা লইয়্যা যাইতে কয়। ডাক্তারেরা আমার মাইয়্যারে মৃত্যুর মোহে ঠেইল্লা দেছে।’
চিকিৎসায় অবহেলার কথা অস্বীকার করে বরগুনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মজিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘সিজারের পর রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা রোগীর শরীরে এক ব্যাগ রক্ত দিয়ে বরিশালে পাঠাই। এরপর কী ঘটেছে আমি বলতে পারব না।’
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন শাহিন খান বলেন, চিকিৎসকের কোনো অবহেলার কারণে এমনটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগে আরেক প্রসূতিরও অস্ত্রোপচারের পর কিডনি অকেজো হয়ে যায়। পরে তিনি মারা যান। এই রোগীরও একই অবস্থা। তিনিও শঙ্কামুক্ত নন।