প্রায় এক বছর আগে ‘স্কাইপ কেলেঙ্কারিতে’ আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে। ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে প্রবাসী আইন বিশেষজ্ঞের কথোপকথন গণমাধ্যমে ফাঁস হওয়ার পর দাবি উঠেছিল, ফাঁসের নেপথ্যে কারা জড়িত, তা অনুসন্ধান করা হোক। কিন্তু এ নিয়ে তদন্ত তো দূরের কথা, কোনো উদ্যোগও নেওয়া হয়নি।
এক বছর পর আবারও ট্রাইব্যুনাল ঘিরে আলোচনা। এবারের বিষয়—বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলার ‘রায়ের খসড়া ফাঁস’। এবার অবশ্য ট্রাইব্যুনালের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্কাইপ কেলেঙ্কারির তদন্ত হলে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।
স্কাইপ কথোপকথন কারা ফাঁস করেছে, এ নিয়ে আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। তবে ফাঁস হওয়া কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে একটি মামলা হয়েছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা সেই মামলায় প্রায় ১০ মাসেও অভিযোগপত্র দাখিল হয়নি। গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই মামলার তদন্ত করছে।
২০১২ সালের ৬ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর একটি আদেশের মধ্য দিয়ে জানা যায়, বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন স্কাইপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কথা বলতেন এবং ইমেইলে চিঠি আদান-প্রদান করতেন। কিন্তু কে বা কারা বিচারপতি নিজামুল হকের স্কাইপ ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে কথোপকথনের অডিও রেকর্ড সংগ্রহ করেছেন এবং তা যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্ট-এর কাছে পাঠিয়ে দিয়েছেন, তা আর অনুসন্ধান করা হয়নি। এ ঘটনায় ট্রাইব্যুনাল ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন, যা আজ পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে।
তবে ৯ ডিসেম্বর থেকে আমার দেশ ওই স্কাইপ কথোপকথনের ট্রান্সক্রিপ্ট ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকে। দুদিন পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। ১৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান স্কাইপ কথোপকথন প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীকে আসামি করে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা করেন। আদালত ওই মামলা তেজগাঁও থানায় পাঠান। পরে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের কাছে পাঠানো হয়, যা এখনো চলছে।
তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. মুনিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে মামলাটির তদন্ত করছি। তদন্ত শেষ হলেই আমরা অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করে দাখিল করব।’
তবে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন, স্কাইপ কথোপকথন কারা কীভাবে ফাঁস করল, তা নিয়ে তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ ও গোয়েন্দাদের সমন্বয়ে একটি কমিটি করে আলাদাভাবে জোরালো তদন্ত হওয়া উচিত ছিল। স্কাইপ কথোপকথন ফাঁসের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করা গেলে রায়ের খসড়া ফাঁসের মতো ঘটনা ঘটত না। যে দুষ্টচক্র ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এসব ফাঁসের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে, তাদের দ্বিতীয়বার চিন্তা করতে হতো।
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘এটা সত্যি, স্কাইপ কথোপকথন ফাঁস হওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা গেলে রায়ের খসড়া ফাঁস হওয়ার মতো ঘটনা না-ও ঘটতে পারত।’ প্রায় একই ধরনের মন্তব্য করেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, স্কাইপ কেলেঙ্কারির মুখে পদত্যাগের পর বিচারপতি নিজামুল হক তাঁর বাসভবনের যে কক্ষে বসে কম্পিউটারের মাধ্যমে স্কাইপে কথা বলতেন, সে কক্ষটি প্রায় এক-দেড় মাস তালাবদ্ধ করে রেখেছিলেন, যাতে তদন্তকারীরা ওই কম্পিউটার থেকে আলামত সংগ্রহ করতে পারেন। কিন্তু কোনো তদন্ত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজ পর্যন্ত সেখানে গিয়ে আলামত সংগ্রহ করেননি বা এ বিষয়ে জানতে চাননি।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ বলেন, ‘স্কাইপ কথোপকথন ফাঁসের বিষয়ে আলাদাভাবে তদন্তের ব্যবস্থা সরকার করেছে কি না, তা আমার জানা নেই। তবে এ নিয়ে একটি মামলা হয়েছিল (মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা)।’ তিনি বলেন, ‘রায়ের খসড়া ফাঁসের ঘটনায় জিডি করা হয়েছে, কারণ আমরা জানি না কে বা কারা এ কাজ করেছে। তদন্তে জড়িতদের চিহ্নিত করা গেলে তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হবে। আর যদি ট্রাইব্যুনালের কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’
বিচারসংশ্লিষ্ট ব্যক্তির কয়েকজন জানান, সরকারের উচ্চপর্যায়ের অনেকের বদ্ধমূল ধারণা, বিদেশ থেকে স্কাইপ কথোপকথন ফাঁস বা হ্যাকিং করা হয়েছে। এ জন্য তাঁরা এ নিয়ে তদন্তের আগ্রহ দেখান না। কিন্তু তদন্ত না করে বোঝা সম্ভব নয় যে আসলে কীভাবে স্কাইপ কথোপকথন হ্যাকিং হয়েছে। এমনও হতে পারে, বিচারপতি নিজামুল হকের কম্পিউটার থেকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। ওই ঘটনায়ও ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারেন। কিন্তু তদন্ত ছাড়া এসব কোনো প্রশ্নেরই জবাব পাওয়া সম্ভব নয়।
স্কাইপ কথোপকথন ফাঁসের তদন্ত কেন করা হলো না—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর থেকে ট্রাইব্যুনালকে নিয়ে দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। এটা থামানো খুব দুরূহ ব্যাপার।