আগৈলঝাড়ায় বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া পরিবর্তন ও প্রচণ্ড গরমে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় বারান্দার মেঝেতে রেখে অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দিন ও রাতে অধিক গরম এবং খাবারে বিষক্রিয়ার কারণে উপজেলায় পেটের পীড়াসহ ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। গত রোববার পর্যন্ত এক সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা অর্ধশতাধিক।
গত শনি ও রোববার এখানে ভর্তি হয়ে শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নেয় উপজেলার বিভিন্ন গ্রামের নয়জন রোগী।
জরুরি বিভাগের চিকিৎসক বক্তিয়ার আল মামুন জানান, প্রতিদিন বহির্বিভাগে ১২ থেকে ১৫ জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার এ প্রতিবেদক স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডায়রিয়া ওয়ার্ডে মইন মিয়া, সাইফুল ইসলামসহ কয়েকজন জানান, তাঁরা চার দিন ধরে এখানে ভর্তি আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম মিয়া জানান, ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে ১২টি। ধারণক্ষমতার বেশি রোগী আসায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।