আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-পয়সার হাট ভায়া আগৈলঝাড়া সড়কের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় নামক স্থানে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল-পয়সার হাট ভায়া আগৈলঝাড়া সড়কে আগৈলঝাড়া-পয়সার হাট খালের জোবারপাড়ে ২০০৪-২০০৫ অর্থবছরে সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে ৩৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করে বরিশাল জেলা পরিষদ। মেসার্স গোলাম সিদ্দিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটির কাজ করে। গত সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩৫ মিটার দীর্ঘ এই সেতুর সাতটি স্প্যানে কংক্রিট ঢালাইয়ের ১৬টি পিলার রয়েছে। পিলারের নিচের অংশে ঢালাই খসে পড়ে রড বের হয়ে গেছে। সাতটি পিলারের নিচে গোড়ার অংশের রডগুলো বের হয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানান, ঠিকাদার যথাযথভাবে কাজটি করেনি। এ ছাড়া সিমেন্টের পরিমাণ কম দেওয়া হয়েছে। যে কারণে এ খালে চলাচলকারী ট্রলারের সামান্য আঘাতে পিলারগুলো ভেঙে যায়।এলাকাবাসী জানান, নির্মাণকালে অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা বিষয়টি আমলে নেয়নি। জোবারপাড় বাজারের ব্যবসায়ী সৈয়দ আলী বক্তিয়ার (৭০), বঙ্কিম চন্দ্র মধু (৪৫) জানান, এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন গৌরনদী-পয়সার হাট, আগৈলঝাড়া-পয়সার হাট সড়কের শত শত যানবাহন ঝুঁকি নিয় চলাচল করে। উপজেলার বাকাল ইউনিয়নের স্বরবাড়ি, জোবারপাড়, কালীবাড়ি, চক্রিবাড়ি, আস্কর, বাকালের হাট-বাজারের ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে মালামাল পরিবহন করেন। বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস জানান, একাধিকবার বিষয়টি উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁরা কোনো পদক্ষেপ নেননি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।বরিশাল জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, প্রকল্প ফাইল অনুসন্ধান করে সেতুটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে। আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান জানান, প্রকৌশল দপ্তরের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতুটি সংস্কার করাসহ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।