আগৈলঝাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামে সুদের টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের দাদন ব্যবসায়ী তপন বিশ্বাসের কাছ থেকে পাশের আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের বিপুল বকশী ১০ হাজার টাকা ঋণ নেন। তপন বিশ্বাস গত ছয় মাসে ১০ টাকা হারে সুদ ও আসল মিলিয়ে বিপুলের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। মঙ্গলবার সকালে দিনমজুর বিপুল ১৮ হাজার টাকা পরিশোধ করেন। এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টায় তপন বিশ্বাস ও তাঁর সহযোগীরা বিপুলের আত্মীয় ও জামিনদার আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি এলাকার গৌরাঙ্গর মুদি দোকান বন্ধ করে দেন। দোকান খুলতে গেলে তপন বিশ্বাস ও তাঁর সহযোগীরা গৌরাঙ্গের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।