আগৈলঝাড়ায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। গত শুক্রবার আগৈলঝাড়া থানার গেট ও বরইতলা গ্রামে তাঁদের ওপর দুই দফা হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।আহত দুই সাংবাদিক হলেন দৈনিক বরিশাল বার্তার আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল মৃধা এবং দৈনিক ভোরের অঙ্গীকার-এর আগৈলঝাড়া প্রতিনিধি মো. ওয়াসিম ভূঁইয়া। এঁদের মধ্যে সাইফুল মৃধাকে গুরুতর আহত অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার বরইতলা গ্রামের রেজাউল সরদার (৩৫) তাঁর স্ত্রী সুমা আক্তারকে যৌতুকের দাবিতে মারধর করে ঘরে অবরুদ্ধ করে রাখেন। সুমার মা মাহিনুর বেগম দুপুরে বিষয়টি সাইফুল মৃধাকে জানান।সাইফুল মৃধা এ ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য ওয়াসিম ভূঁইয়াকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে ফেরার সময় এ বিষয়ে সংবাদ সংগ্রহ করায় মনির বেপারি ও তাঁর সহযোগীরা তাঁদের মারধর করেন। পরে উপজেলা শহরে ফিরে এসে সাইফুল আগৈলঝাড়া থানায় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনির বেপারি ও তাঁর সহযোগীরা সন্ধ্যায় আগৈলঝাড়া থানার গেটের সামনে সাইফুল ও সেলিম ভূঁইয়ার ওপর দ্বিতীয় দফায় হামলা চালান। এ সময় পুলিশ ধাওয়া করে মনির বেপারি, তাঁর সহযোগী ইমানুল গাজী ও শামীমকে গ্রেপ্তার করে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।