আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় গ্রামের নির্জন এক বাড়ি থেকে গত সোমবার রাতে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিমা আক্তার (১৩)। সে আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এটি আত্মহত্যা না হত্যা সে বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী জানান, পটুয়াখালীর দুমকী উপজেলার পূর্ব কাত্তিকপাশা গ্রামের দিনমজুর আলাউদ্দিন মৃধার মেয়ে রিমা ও তার বড় ভাই আবু হানিফ আগৈলঝাড়ার ছবিখারপাড় গ্রামে মামা শরিয়াতুর রহমানের একটি ঘরে থেকে পড়াশোনা করত। সোমবার বিকেলে আবু হানিফ আগৈলঝাড়া সদরে যায়। রাতে বাড়ি ফিরে সে গলায় ফাঁস লাগানো অবস্থায় রিমার লাশ ঝুলতে দেখে। এ সময় তার চিত্কারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসে। তাত্ক্ষণিক পুলিশে খবর দেওয়া হলে ওই রাতেই পুলিশ রিমার লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে হানিফ বোনের লাশ নিয়ে পটুয়াখালীতে নিজেদের বাড়ির উদ্দেশে যাত্রা করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ঘটনাটি স্পষ্ট হবে। ছাবিখারপাড় গ্রামের ফারুক হোসেন মোল্লা, অমূল্য রতন, অরবিন্দ হালদারসহ কয়েকজন বলেন, নির্জন বাড়িতে রিমাকে একাকি ঘরে পেয়ে অজ্ঞাতনামা বখাটে যুবকেরা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে।