আগৈলঝাড়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট-আমবৌলা সড়ক নির্মাণকাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এলাকাবাসী বাধা দিলে, তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঠিকাদার নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এসব নিম্নমানের সামগ্রী দিয়েই সড়ক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলেও স্থানীয় ব্যক্তিরা জানান।এলাকাবাসী অভিযোগ করেন, শুরু থেকেই ঠিকাদার মো. সেকেন্দার হোসেন নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণকাজ শুরু করেন। এ সময় তাঁরা আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলীর কাছে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। এলজিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা (এলাকাবাসী) একাধিকবার নির্মাণকাজ বন্ধ করে দেন। এলাকাবাসীর বাধাকে উপেক্ষা করে ঠিকাদার মো. সেকেন্দার হোসেন নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে নিম্নমানের সামগ্রী দিয়েই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, সাববেইজ তৈরির কাজে স্যান্ড ফিলিং (বালু ভরাট) করার কথা থাকলেও ঠিকাদার বক্স কাটিংয়ের মাটি দিয়েই সাববেইজ তৈরি করেছেন। এ ছাড়া ওয়াটার বাউন্ড ম্যাকাডম তৈরিতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।স্থানীয় সোবহান হাওলাদার, ইসমাইল হোসেনসহ অনেকেই অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটির নির্মাণকাজ করায় আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলীর কাছে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করা হয়। অভিযোগের ব্যাপারে ঠিকাদার মো. সেকেন্দার হোসেন বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি তো কোনো নেতা নই, একজন সমর্থক।’আগৈলঝাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়ে কাজের নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।