আগৈলঝাড়ায় হামলায় আহত সাংবাদিকের অবস্থার অবনতি
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসী হামলায় আহত দৈনিক বরিশাল বার্তার আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল মৃধার অবস্থার অবনতি হয়েছে। শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জানা গেছে, সন্ত্রাসীরা গত শুক্রবার সাইফুল মৃধাসহ দুই সাংবাদিকের ওপর দুই দফা হামলা চালায়। এতে সাইফুল গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাঁকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুখ লাল মণ্ডল জানান, সাইফুলের মাথা ও বুকে আঘাত করায় তিনি শঙ্কামুক্ত নন। মাথায় আঘাতের কারণে সাইফুল বারবার বমি করছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।গত শুক্রবার এলাকায় এক গৃহবধূর ওপর নির্যাতনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাইফুল ও অপর এক সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় মামলা করলে ওই সন্ত্রাসীরা দ্বিতীয় দফা তাঁদের ওপর হামলা চালায়। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোতে ‘আগৈলঝাড়ায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।