আগৈলঝাড়ায় ১২ লাখ টাকা ছিনতাই, দুজন গুলিবিদ্ধ
ছিনতাই করা ১২ লাখ টাকা নিয়ে পালানোর সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ডের কাছে ছিনতাইকারীদের গুলিতে দুজন আহত হয়েছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
এ সময় তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও একটি মোটরসাইকেল, পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটকের পর তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বরিশালের বিকাশ এজেন্ট ওয়েভ এন্টারপ্রাইজের প্রতিনিধি আবুল বাশার গৌরনদী উপজেলার এজেন্টদের টাকা পরিশোধ করার জন্য ১২ লাখ টাকা নিয়ে রোববার বিকেলে মোটরসাইকেলে করে গৌরনদীতে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডের অদূরে দুটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে অস্ত্রের মুখে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
আবুল বাশার বিষয়টি গৌরনদীর বিকাশ এজেন্ট মিজান ভূঁইয়াকে মুঠোফোনে জানালে মিজান লোকজন নিয়ে ছিনতাইকারীদের গৌরনদীতে আটক করার চেষ্টা করে ব্যর্থ হন।
মিজান ভূঁইয়া জানান, তিনি বিষয়টি আগৈলঝাড়ার পয়সারহাট এলাকার লোকজনকে জানান। প্রত্যক্ষদর্শী রিজভী বক্তিয়ার ও বাদশা হাওলাদার জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পয়সারহাট বাসস্ট্যান্ডের কাছে সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করলে ছিনতাইকারীরা উপর্যুপরি গুলিবর্ষণ শুরু করে। ছিনতাইকারীদের গুলিতে স্থানীয় পল্লিচিকিৎসক চৈতন্য দাস ও ব্যবসায়ী মিজানুর রহমান আহত হন। এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করলে একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। তবে শাহ আলম মণ্ডল (৩০) নামের এক ছিনতাইকারীকে একটি মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ ওই দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।