আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা, প্রদর্শন করা যাবে না
সরকার আগামীকাল শনিবার ভোর ছয়টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ২৮ এপ্রিল ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ ছাড়া বেসরকারি যানবাহন রিকুইজিশন না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ওই তিন সিটি করপোরেশনের নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাধারণ ভোটকেন্দ্রে ২২ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্য এলাকার কোনো ব্যক্তি নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করলে বা করার চেষ্টা করলে পুলিশ বা জেলা প্রশাসনকে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভার সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সারা দেশে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধ করতে ‘আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ধারা ১৭ (১) অনুযায়ী’ আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনীর সদস্য, সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে না। সভার সিদ্ধান্তসমূহ আজ শুক্রবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।