মানুষের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ। ৬ মে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে ২০ জন নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি ওই পরামর্শ দেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শহীদুল্লাহ আরও বলেন, জামায়াতের রুকন রুহুল আমিন ২৪ মে শহরের ভূঁইয়ারবাগ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ঘেরাও করেন। নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনের মতো মেয়র আইভীকে হত্যার ষড়যন্ত্র করছে একটি বিশেষ মহল।
গতকালের সভায় আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জেলার পাঁচ সাংসদের কেউই ছিলেন না। কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, আনন্দ পরিবহন চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের গেটের সামনে সিটি করপোরেশনের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ বাস কাউন্টার ও যাত্রী ছাউনি বানিয়েছে। ওই সব উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো কার্যকর করা হয়নি।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে যথেষ্ট ভালো রয়েছে বলে দাবি করেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
সভার সভাপতি জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত তদন্ত করে শেষ করা উচিত। পুলিশের পাশাপাশি র্যাবের কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন তিনি।