মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্থানীয় একটি বাড়িতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটক এবং তিনটি আগ্নেয়াস্ত্র, একটি ধারালো ছোরা, নয়টি যানসহ কিছু লুণ্ঠিত মালামাল জব্দ করেছে। এ ঘটনায় বড়লেখা থানায় দুটি মামলা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন: বড়লেখার দক্ষিণ ভাগ গ্রামের কামাল হোসেন (৩০), চান্দগ্রামের লাল মিয়া (৩৮) ও সিলেটের কানাইঘাট উপজেলার দর্জিহাটি গ্রামের আবদুর রহিম (৩৮)।পুলিশ, স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২২ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল চান্দগ্রামের শফিক উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা ও চারটি মুঠোফোনের সেট লুট করে পার্শ্ববর্তী জয়নুল মিয়ার বাড়িতে আশ্রয় নেয়।খবর পেয়ে টহল পুলিশ দিবাগত রাত সাড়ে চারটার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে। টের পেয়ে জয়নুলসহ অন্যরা পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতরে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা, দুটি দামি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস পাওয়া যায়। সূত্র জানায়, ডাকাতির ঘটনায় শফিক উদ্দিন বাদী হয়ে আটক তিন ব্যক্তি ও জয়নুলের (৩২) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২২ জনকে আসামি করে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে একটি মামলা করেন। একই দিন বিকেল চারটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করেছেন।মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বড়লেখা থানায় গিয়ে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংবাদকর্মীদের উপস্থিতিতে পুলিশের সাহসিকতার জন্য তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।বড়লেখা থানার ওসি মো. কামরুল হাসান মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেল সাড়ে চারটায় প্রথম আলোকে জানান, জয়নুল মিয়া খারাপ প্রকৃতির লোক এবং তিনি বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।