আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিনটি পৃথক মামলা
রাজধানীর মিরপুরের বিশিল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেড, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধারের ঘটনায় গত শুক্রবার রাতে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। গতকাল রাত পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রথম আলোকে জানান, থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। মামলার বিবরণে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উত্তর বিশিল এলাকার ১০ নম্বর সড়কের ৭০/ক বাড়িতে যায়। পুলিশ ওই বাড়ির তৃতীয় তলার ওই কক্ষটি তালাবদ্ধ পায়। পরে তালা খুলে একটি সাবমেশিনগান (এসএমজি), একটি পিস্তল, ১৮টি গুলি, ৩৫ কেজি গান পাউডার, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, বোমা তৈরির ক্ষুদ্র যন্ত্রাংশ, শতাধিক ঘড়ি ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয় এবং এগুলোর জব্দ তালিকা তৈরি করা হয়। অজ্ঞাত ব্যক্তিরা বাসা ভাড়া নিয়ে জেএমবির সঙ্গে যুক্ত থেকে (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) অস্ত্র ও বিস্ফোরক মজুদ করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, শাহ আলী থানায় দায়ের হওয়া তিনটি মামলা শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে দেওয়া হয়েছে। ওই বিভাগের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, এটি ছিল জঙ্গি আস্তানা। চার সন্ত্রাসী জেএমবির সঙ্গে যুক্ত ছিল এবং তাদের ভয়াবহ নাশকতার পরিকল্পনা ছিল। তাদের অবস্থান সম্পর্কে বেশ কিছু সূত্র পাওয়া গেছে। এই সূত্র ধরে শিগগিরই তারা পুলিশের হাতে ধরা পড়বে বলে ডিসি আশা করেন।