আগ্নেয়াস্ত্রসহ গুলিবিদ্ধ বনদস্যুর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে দুই দল বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ এক বনদস্যু দুটি আগ্নেয়াস্ত্রসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গত মঙ্গলবার সুন্দরবনের কোকিলমনি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড মংলা পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আতিকুর রহমান বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির ছোট শেওলাখালে মঙ্গলবার আধিপত্য বিস্তার নিয়ে বনদস্যু কামাল ও মাস্টার বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় মাস্টার বাহিনীর সদস্য আলী শেখ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় আলী শেখ তাঁর কাছে থাকা দুটি একনলা বন্দুক, তিনটি গুলিসহ সন্ধ্যায় কোকিলমনি কোস্টগার্ড কন্টিনজেন্টে আত্মসমর্পণ করেন। তাঁকে চিকিৎসার জন্য গতকাল বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোস্টগার্ডকে আলী শেখ জানিয়েছেন, তিনি সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর অন্যতম সদস্য। মঙ্গলবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে বনদস্যু কামাল বাহিনীর সঙ্গে তাঁদের দলের বন্দুকযুদ্ধ হয়। এতে তিনিসহ উভয় পক্ষের আরও কয়েকজন গুলিবিদ্ধ হন।