আগ্নেয়াস্ত্রসহ প্রচারণায় আ.লীগ প্রার্থীর লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের বিরুদ্ধে প্রতিপক্ষের প্রার্থীর কর্মীদের মারধর, নির্বাচনী প্রতীক-কার্যালয়ে অগ্নিসংযোগ, আগ্নেয়াস্ত্রসহ প্রচারণার অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।
চতুর্থ দফায় এ উপজেলার ১২টি ইউনিয়নে কাল শনিবার নির্বাচন হবে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ অপরিচিত চার-পাঁচ ব্যক্তিকে আওয়ামী লীগ প্রার্থী মো. সোহাগের পক্ষে ভোটের প্রচারণা চালাতে দেখা গেছে। তাঁরা গ্রামের চায়ের দোকান, বাড়ি ও পথে-ঘাটে ভোটাদের ভয়ভীতি দেখান।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুল খালেক বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভোটের দিনের অবস্থা দেখে কেন্দ্রে যাওয়ার সাহস পাইনি। এবারের নির্বাচনেও একই ধরনের অবস্থা সৃষ্টি হবে বলে শোনা যাচ্ছে।’
মোহাম্মদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান-ই-হাবিব রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুলিপি দিয়েছেন। তিনি বলেন, ‘অস্ত্রধারী ব্যক্তিরা নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের ভয় দেখিয়ে বলে বেড়াচ্ছেন, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না। ১০টার মধ্যে সব ভোটকেন্দ্র দখল করে বেলা ১১টার মধ্যে ভোট শেষ করে ফেলব।’ একই ইউনিয়নের বিএনপির প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে খবর আছে, ভোটের দিন অস্ত্রধারীদের দিয়ে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ারও পরিকল্পনা করা হচ্ছে।’ এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. সোহাগ বলেন, ঘটনাগুলো অতিরঞ্জিত করে ছড়ানো হয়েছে। নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে।
এদিকে গত সোমবার রহিমানপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী খেলাফত হোসেনের প্রচার-সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীর নামে একটি মামলা করা হয়েছে। ওই ইউনিয়নের বিএনপির প্রার্থী আবু হাসান মো. আবদুল হান্নান বলেন, প্রতিপক্ষের লোকজন ভোটকেন্দ্রে না যেতে তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন। তাঁরা নিজেরাই নৌকা প্রতীক জ্বালিয়ে দিয়ে উল্টো বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনিও সংশয় প্রকাশ করেন।
গত মঙ্গলবার জামালপুর ইউনিয়নে নজরুল ইসলামের নৌকা প্রতীকে আগুন দেওয়া হয়। একই রাতে আগুন দেওয়া হয় রুহিয়ার পূর্ব কুজিশহর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে। মঙ্গলবার আখানগর ইউনিয়নের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ কর্মী আহত হন।
এ ছাড়া আকচা, রায়পুর, বড়গাঁও ইউনিয়নেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, কেন্দ্র দখলের ব্যাপারে যেসব কথা শোনা যাচ্ছে, তাতে নেতা-কর্মী ও সমর্থকেরা ভয়ে ভয়ে আছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মোশারুল ইসলাম বলেন, ‘আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষপাতী। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।’
পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট শেষ করতে চাই। এ কারণে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোহাম্মদপুর ইউনিয়নে অস্ত্রধারী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চালানো হচ্ছে। তবে তাঁরা এখন গা ঢাকা দিয়েছেন।’