আগ্নেয়াস্ত্রের সরঞ্জামসহ তিন কারিগর গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালী উপজেলায় আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ তিন কারিগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের সমাধিনগর-গড়িয়াদহ সংযোগ সড়ক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের নিতাই সরকারের ছেলে বাদল, পরিতোষ মণ্ডলের ছেলে সুফল এবং মাগুরা সদর উপজেলার কুশুমদি গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে রাম বিশ্বাস।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) হোসেন আলী বলেন, গ্রেপ্তার হওয়া বাদল সরকার পেশায় একজন কামার। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন। সুফল ও রাম বিশ্বাস বাদলের সহযোগী। বুধবার রাতে সমাধিনগর-গড়িয়াদহ সড়কে তাঁরা একটি দেশীয় তৈরি একটি শ্যুটারগান বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব অস্ত্রটিসহ তাঁদের আটক করে। জব্দ করা হয় তাঁদের ব্যবহূত একটি মোটরসাইকেল। পরে বাদল সরকারের বাড়িতে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে থ্রি নট থ্রি রাইফেলের একটি বোল্ট, ক্যারিয়ার, সাতটি স্প্রিং, একটি পাইপ, ছয়টি চাপাতি, তিনটি শটগানের গুলির খোসা, নাইন এমএম পিস্তলের একটি গুলি, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র তৈরির সরঞ্জাম।
মধুখালী থানার ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় র্যাবের ডিএডি বাদী হয়ে অস্ত্র মামলা করেছেন।