দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর দুই দিন। কিন্তু যশোর-৫ (মনিরামপুর) আসনে এই নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই ভোটারদের। নির্বাচনী আমেজও নেই। এমনকি নির্বাচন যে হচ্ছে, এ খবরও জানা নেই কয়েকটি এলাকার ভোটারদের।
গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত এ আসনের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে এমন ধারণা পাওয়া গেছে। শনিবার সকালে আটমাইল এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন কয়েকজন। নির্বাচনের খবর কী—জানতে চাইলে তাঁদের একজন রিকশাভ্যানচালক মুজিব সরদার বলেন, ‘নির্বাচন তো হইয়ে গেছে, প্রার্থী না থাকায় আগের এমপিকে ওয়াকওভারে পাস করাইয়ে দিল বলে শুনিলাম।’ নির্বাচন হচ্ছে এবং সাংসদ খান টিপু সুলতান ও মনিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন—এ কথা জানালে মুজিব হেসে বলেন, ‘সরকার তাহলে একটা সরকারি নির্বাচন করছে।’ পরে দোকানে উপস্থিত অন্যদের নানা মন্তব্যের পর উপসংহারে তিনি বলেন, ‘সরকারি নির্বাচনে সাধারণ মানুষের ভোট দিতে যাওয়ার কী আছে?’
মনিরামপুরে আওয়ামী লীগের দুটি ধারা। একটির নেতৃত্বে আছেন সাংসদ খান টিপু সুলতান। অন্যটি চলছে স্বপন ভট্টাচার্যের নেতৃত্বে। এই নির্বাচনে টিপু সুলতান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এবং স্বপন ভট্টাচার্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্রার্থীরই দাবি, তাঁরা একটি পৌরসভা ও ১৭ ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় গণসংযোগ প্রায় শেষ করেছেন।
অবশ্য এলাকা ঘুরে জানা গেছে, মনিরামপুর পৌরসভা ও চারটি ইউনিয়নের মধ্যেই দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলছে। মঙ্গলবার ঢাকুরিয়া, কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নের ১২টি গ্রামে গিয়ে তাঁদের কারও নির্বাচনী প্রচারণা ক্যাম্প পাওয়া যায়নি, পোস্টারও চোখে পড়েনি। তবে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতের নেতাদের মুক্তির দাবিসংবলিত অনেক পোস্টার, ব্যানার ও ফেস্টুন চোখে পড়েছে। জামায়াত-বিএনপি-অধ্যুষিত এ তিনটি ইউনিয়নে এখনো যাননি বলে জানান টিপু সুলতান। তিনি বলেন, ‘আমার উপস্থিতিতে কোনো সহিংসতা ঘটলে ব্যাপারটি বেশি অপ্রীতিকর হবে।’ স্বপন ভট্টাচার্য বলেন, ঢাকুরিয়া ও কাশিমনগর ছাড়া সব কটি ইউনিয়নে গণসংযোগ করেছেন। দু-এক দিনের মধ্যে এ দুটি ইউনিয়নে যাবেন।
গতকাল কাশিমনগর ইউনিয়নের লেবুগাতী ও গোয়ালপাড়া গ্রাম নিয়ে গঠিত ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, তাঁদের ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। প্রার্থীর পক্ষে এজেন্ট দেওয়ার অবস্থাও দলের নেই। স্বপন ভট্টাচার্য প্রচারণা চালাতে আসতে পারবেন কি না, এ নিয়েও তাঁর সংশয় রয়েছে। তিনি বলেন, এক সপ্তাহ আগে গেল বৃহস্পতিবার নৌকার পোস্টার লাগাতে গিয়ে পাশের খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর গ্রামে খুন হয়েছেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শফি কামাল।
বাজার, দোকান, জটলা—কোথাও নির্বাচন নিয়ে মানুষের তেমন আগ্রহ দেখা গেল না। জয়পুর গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ সিংহ মঙ্গলবার বলেন, বিরোধী দলবিহীন নির্বাচনে ভোট দেওয়া আর না দেওয়া সমান কথা। এটা তো আসলে নিয়ম রক্ষার নির্বাচন। তবে মনিরামপুর পৌরসভা এলাকার চিত্র একটু ভিন্ন। পৌর এলাকায় দুই প্রার্থীরই পোস্টার-ফেস্টুন দেখা গেছে। পৌর এলাকার মনিরুজ্জামান বলেন, ‘এটা ফাঁকা মাঠ গরম করার চেষ্টা মাত্র। তাই নির্বাচন নিয়ে উৎসবের ভাব নেই। বরং দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে মাঝেমধ্যে মাঠ একটু উত্তপ্ত হচ্ছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ তা একটুও টের পাচ্ছেন না। বেশির ভাগ মানুষ ভোট দিতে যাবেন না।’
কুয়াদা এলাকার আহাদ আলী বলেন, এক দলের মধ্যে ভোট হয় নাকি? একদল বলছে ভোট করবে, আরেক দল ভোট ঠেকাবার ঘোষণা দিচ্ছে। এর মধ্যে প্রাণ বাজি রেখে ভোট দিতে যাওয়ার দরকারটা কী?
ভোটারদের এমন মনোভাব আঁচ করে দুই প্রার্থীই মানুষকে ভোটকেন্দ্রে নিতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে না পারার জন্য প্রশাসনকে, বিশেষ করে পুলিশকে দায়ী করেন। টিপু সুলতান পুলিশি পাহারায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
জানতে চাইলে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটাররা ভোট দিতে এলে যেন নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করা। নির্বাচনের ফলাফল কী হবে, এ নিয়ে আমরা ভাবছি না।’