আগ্রহ নিয়ে মানুষ দেখল বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ (ভিডিওসহ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ সংঘটিত হলো গতকাল শনিবার। বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ পূর্ণতা পায় রাত আটটা সাত মিনিটে। দেশের প্রায় সব জায়গা থেকে পূর্ণ চন্দ্রগ্রহণটি দেখা গেছে। উৎসাহ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ এই গ্রহণ দেখেছে।ঢাকা ও ঢাকার বাইরে এই প?ূর্ণ চন্দ্রগ্রহণ টেলিস্কোপের মাধ্যমে দেখানোর আয়োজন করে একাধিক বিজ্ঞান সংগঠন। রাজধানীর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে আগ্রহভরে গ্রহণ উপভোগ করতে দেখা গেছে।

বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র জানায়, বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ৩৬ মিনিটে শুরু হয় চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায়। ছায়া গ্রহণ শুরু হয় সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে। গ্রহণ পূর্ণতা পায় রাত আটটা সাত মিনিটে এবং তা চলে আটটা ৫৮ মিনিট পর্যন্ত। রাত ১১টা ২৮ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণের শেষ উপচ্ছায়া পর্যায়ের সমাপ্তি ঘটে। দেশের আকাশ থেকে আগামী সাত বছর এমন পূর্ণ চন্দ্রগ্রহণ আর দেখা যাবে না। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে টেলিস্কোপের মাধ্যমে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে ক্যাম্প স্থাপন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও অনুসন্ধিৎসু চক্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অনেকে সেখানে ভিড় জমিয়েছিল গ্রহণ দেখতে। যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে আট ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও চার ইঞ্চি মাকসুতভ ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ব্যবহার করে অনুসন্ধিৎসু চক্র।ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা তাবাসসুম চন্দ্রগ্রহণ দেখতে এসেছিল তার মায়ের সঙ্গে। টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখে সে দারুণ খুশি। তবে পূর্ণ গ্রহণ শুরু না হওয়ায় সে পুরো চাঁদ ঢেকে যেতে দেখেনি।ফারজানার মতো শিশু থেকে শুরু করে সরকারি কর্মকর্তা ইয়াসীন এলাহীর মতো পঞ্চাশোর্ধ্ব অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন টেলিস্কোপে চন্দ্রগ্রহণ দেখার জন্য। সবার জন্য এটি ছিল উন্মুক্ত।বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ পর্যবেক্ষণের পাশাপাশি প্রজেক্টরে চন্দ্রগ্রহণ (ধারণকৃত) দেখানোর আয়োজন করেছিল বিজ্ঞান আন্দোলন মঞ্চ। অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে ঢাকার অপর ক্যাম্পটি অনুষ্ঠিত হবে মিরপুরের হারুন মোল্লা ঈদগাহ মাঠে। এ ছাড়া ধানমন্ডি মাঠে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে বরিশাল জেলা সদরের পরশ সাগর মাঠ (নতুন হোস্টেলসংলগ্ন), ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠ ও সিলেটের ৮৭ মজুমদারী অম্বরখানায় পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়। ঢাকার বাইরে ময়মনসিংহ, বরিশাল, দিনাজপুর, চট্টগ্রাম ও সিলেটে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।