রাজধানীর স্কুলশিক্ষার্থীদের জন্য চালু করা বাস নিয়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর আগ্রহ কম। ব্যক্তিগত গাড়ি রেখে সন্তানকে বাসে দিতেও আগ্রহী নন বেশির ভাগ অভিভাবক। অন্যদিকে বাংলা মাধ্যম স্কুলে পড়ুয়াদের যেসব অভিভাবক এই সেবা পেতে আগ্রহী, তাঁরাও তথ্যের অভাবে সেবাটি পাচ্ছেন না। অথচ বাসের অনেক আসন খালি থাকছে।বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) তত্ত্বাবধানে দুই সপ্তাহ ধরে পল্লবী থেকে টেকনিক্যাল হয়ে আজিমপুর পর্যন্ত ১৪টি স্কুলবাস চলছে। এগুলো প্র্রতি ১০ মিনিট অন্তর সকাল ছয়টা থেকে নয়টা, আবার বেলা ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত যাতায়াত করছে। থামছে ৩৩টি নির্দিষ্ট স্থানে।গতকাল বুধবার ধানমন্ডির বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, এ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল নন। অনেক অভিভাবক বলেই ফেললেন, ‘নিজস্ব গাড়ি রেখে কেন এত হাঙ্গামা করতে যাব?’ ইংরেজি মাধ্যম স্কুলগুলোর সামনে ছিল ব্যক্তিগত গাড়ির বিশাল বহর। যানজট নিরসনের উদ্দেশ্যে স্কুলবাস চালু হলেও এ ক্ষেত্রে সুফল মেলেনি।ধানমন্ডি ৯/এ সড়কের একাডেমিয়া স্কুলের শিক্ষক আফরোজ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় কখনো বাসগুলো চোখে পড়েনি। স্কুলের অনেক অভিভাবক মিরপুর থেকে আসেন, তাঁদের কাছেও কিছু শুনিনি।’ ধানমন্ডিতে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের শাখা আছে মোট ১১টি। ৭/এ সড়কের স্কুলটির ‘অফিস অ্যাকাউনটেন্ট’ আলেয়া ফেরদৌস বললেন, ‘বিআরটিসি কোনো ফরম বা টিকিট দিয়ে যায়নি। এ ধরনের সার্ভিস আছে তা জানা ছিল না।’ ধানমন্ডির আরেকটি স্কুল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের প্রশাসনিক কর্মকর্তা শায়লা ইসলাম বলেন, ‘এই স্কুলের অভিভাবকদের কমবেশি সবারই নিজস্ব গাড়ি আছে। স্কুলবাসে অভিভাবকেরা ভরসা পান না।’বিআরটিসির মহাব্যবস্থাপক (অপারেশন) এবং স্কুলবাস সমন্বয়কারী মেজর কাজী সফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্কুল সার্ভিস চালুর মূল উদ্দেশ্য যানজট কমানো। তাই প্রথম লক্ষ্য ইংরেজি মাধ্যম স্কুলগুলো। এসব স্কুলে একজন শিক্ষার্থীকে আনা-নেওয়ার জন্য একটি করে ব্যক্তিগত গাড়ি রাস্তায় চলাচল করে। ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুল থেকে আগ্রহ দেখানো হয়েছে। সেই স্কুলের সময়সূচি জানতে চেয়ে ফরম পাঠানো হয়েছে। অন্যান্য স্কুলেও এ ধরনের জরিপ চালানো হচ্ছে।’আগ্রহীদের সংখ্যা বাড়ছে: ভিকারুননিসা নুন স্কুলের ধানমন্ডি শাখার সহকারী প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, ‘অভিভাবকেরা সন্তানকে স্কুলবাসে দিতে আগ্রহী। বিভিন্ন সংস্থার গাড়ি স্কুলের বাচ্চাদের আনা-নেওয়া করছে। এতে অভিভাবকদের অনেক বেশি খরচ হচ্ছে। এসব গাড়ির সামনে ভিকারুননিসা নুন স্কুলের নাম লাগানো থাকলেও স্কুলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। স্কুল কর্তৃপক্ষেরও এসব গাড়ির ব্যাপারে দায়দায়িত্ব নেই।’ সার্ভিস নিয়ে কিছু কথা: বিআরটিসি সূত্র জানায়, প্রতিটি বাসে দৈনিক খরচ হচ্ছে প্রায় তিন হাজার টাকা। কিন্তু সব আসন পূরণ না হওয়ায় আয় হচ্ছে প্রায় ৬০০ টাকা। তবে অভিভাবকদের মতে, বাসের সময়সূচি না জানা, নির্দিষ্ট যাত্রীছাউনি না থাকা এবং যানজটের কারণে ঠিক সময়ে বাস না পাওয়ায় অনেকেই সেবাটি পাচ্ছেন না।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেদক তাঁর সন্তানসহ একটি বাসে উঠলেন। কথা হলো স্কুলবাসে প্রথমবারের মতো ওঠা শাম্মী আখতারের সঙ্গে। ছেলেকে নিয়ে শ্যামলী নামতে নামতে তিনি বললেন, ‘রিকশায় যাতায়াত করতে অনেক সময় লাগে। বাসে অনেক কম সময়েই আসা গেছে।’প্রতিটি বাসে শিক্ষার্থীদের সহায়তা করতে নারী কর্মী দেওয়া হয়েছে। নির্ধারিত স্থান থেকে শিক্ষার্থীরা যখন ওঠানামা করছিল, ওই বাসের নারী কর্মীকে তাদের কোনো সহায়তা করতে দেখা গেল না। তিনি বসে ছিলেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভাইয়া (হেলপার) আছে তো, তাই উঠিনি।’বাংলাদেশ রাইফেলস স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ও সুফিয়া বাস চালুর প্রথম দিন থেকেই যাতায়াত করছে। এ পর্যন্ত তাদের কাছ থেকে পাঁচ টাকা করে ভাড়া নিলেও গতকাল সহকারী (হেলপার) আট টাকা নিতে চাইলে বাগিবতণ্ডা শুরু হয়। এই দুই বান্ধবীর মতে, টিকিটে কোন দূরত্বে কত ভাড়া তা লেখা থাকা প্রয়োজন। শিক্ষার্থীর সঙ্গে একজন অভিভাবকও স্কুলবাসগুলোতে যাতায়াত করতে পারবেন। ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ থেকে ১৮ টাকা পর্যন্ত।