আগ্রহী বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বেশ কিছু প্রকল্প চালু করার আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ট্রেসি মারিয়া লেন এবং পরামর্শক লরা মারিয়া আগস্টা প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, কমিশনের আগারগাঁওয়ের কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি ও প্রধান তথ্য কমিশনারের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়। এ সময় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, কমিশনের সচিব সদরউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের প্রতিনিধিরা তথ্য অধিকার আইনকে আরও জনপ্রিয় করতে এবং এর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কয়েকটি প্রকল্প চালুর আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ দেওয়ারও আগ্রহ দেখান।