আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতা পাহাড়ধসের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দিনভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানির কারণে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আবহাওয়া দপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রোববার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়। গতকাল সন্ধ্যায়ও বৃষ্টি হচ্ছিল।
বৃষ্টিতে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহরের আদর্শপাড়া, আগ্রাবাদ এক্সেস রোড ও বাকলিয়ার অনেক এলাকায় পানি ওঠে। বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হয়। অনেক এলাকার বাসাবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়ে মানুষ। আগ্রাবাদ ও সিডিএ আাবাসিক এলাকায় পানি ওঠার জন্য মহেশখালে বন্দর কর্তৃপক্ষের দেওয়া বাঁধ অকার্যকর থাকাকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, মহেশখালের ওপর বাঁধের দরজা ও পাইপ উন্মুক্ত করে দেওয়ায় আগ্রাবাদ ও সিডিএ আবাসিক এলাকায় পানি উঠছে। সকাল ১০টা থেকে পানি বাড়তে থাকে। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি ওঠে। প্রায় পাঁচ ছয় ঘণ্টা এই পানি ছিল।
সিডিএ আবাসিক এলাকার প্রায় প্রতিটি বাড়ির নিচতলা পানিতে তলিয়ে গেছে। বেলা দেড়টার দিকে হালিশহর আদর্শপাড়ায় গিয়ে দেখা যায়, হাঁটুপানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে এখানে প্রতিবছর জলাবদ্ধতা দেখা দেয়। এবারও ব্যতিক্রম হয়নি।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বিহার এলাকায় লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালীর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।