আগ্রাবাদ হোটেলের মালিকসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের চেয়ারম্যান এইচ এম খোরশেদ আলমসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাকিরা হলেন পূবালী ব্যাংকের চাকরিচ্যুত সাবেক এজিএম জসীম উদ্দিন ও গালফ (বিডি) অ্যাসোসিয়েশনের পরিচালক করিমুল হাসান।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, মামলাটির কার্যক্রম দীর্ঘদিন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল। গত বছর স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর বেশ কয়েকটি ধার্য দিনে আসামিরা হাজির না হওয়ায় তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ১০ মে পূবালী ব্যাংক থেকে আট হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য পাঁচ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকার ঋণপত্র খোলা হয়। কিন্তু চাল আমদানি না করে টাকাগুলো আত্মসাৎ করার অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় ১৯৯১ সালের ২৮ ডিসেম্বর দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ১৯৯৬ সালের ২০ জুলাই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ’৯৮ সালের ২০ মার্চ আসামিদের রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।