আগ্রাবাদে গাছ ভেঙে পড়ে সারা দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বিদ্যুতের তারের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে গতকাল সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়, চট্টগ্রাম বেতারকেন্দ্র, সেনাবাহিনীর এমবার্গেশন, টিঅ্যান্ডটি কার্যালয় ও পুরো বাণিজ্যিক এলাকা বিদ্যুৎবিহীন ছিল। চট্টগ্রাম পিডিবির সহকারী প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ জন্য প্রধান প্রকৌশলী থেকে শুরু করে সাধারণ কর্মীরাও সারা দিন ওই এলাকায় ব্যস্ত ছিলেন। পিডিবি সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে আগ্রাবাদ সিডিএ কলোনি এলাকায় গতকাল ভোরে একটি বিশাল রেইন ট্রি পাশের বিদ্যুৎ লাইনে আছড়ে পড়ে। এতে ওই এলাকার প্রধান বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। ওই সময় লাইনে বিদ্যুৎ ছিল না। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন সকাল থেকে কাজ শুরু করেন। পিডিবির আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ অঞ্চলের চারটি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে দেওয়ানহাট থেকে শুরু করে আগ্রাবাদ পর্যন্ত শেখ মুজিব সড়কের পশ্চিম পাশে পুরো এলাকায় সারা দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গাছের গুঁড়ি সরিয়ে বিদ্যুতের তার স্থাপন করে সন্ধ্যা সাতটায় সংযোগ দেওয়া হয়।