আগ্রাবাদে চারজনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক ভবনে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করায় তিনজনকে জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সিডিএর অনুমোদন না নিয়ে দোকান নির্মাণ করায় দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। এ সময় সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা দেয় পুলিশ। অভিযানে চারজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিডিএ সূত্র জানায়, আবাসিক ভবনের অনুমতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান করায় সিডিএ আবাসিক এলাকার ২১০, ৩১০ ও ১৩৯ নম্বর প্লটের মালিকদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে তিন মাসের সময় দেওয়া হয়েছে তাঁদের। এ ছাড়া অনুমোদন না নিয়ে দোকান করায় গুলনাহার নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের কিছু অংশও ভেঙে দেওয়া হয়েছে।
খিন ওয়ান নু বলেন, আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।