আগ্রাবাদে সিডিএর অভিযানে 'বাধা' জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযানের সব প্রস্তুতি ছিল। প্রস্তুত ছিলেন ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা। সহযোগিতার জন্য তৈরি ছিলেন পুলিশ সদস্যরাও। কিন্তু অভিযান হয়নি। কারণ পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে সেখানে যেতে পারেননি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সিডিএর ভারপ্রাপ্ত অথরাইজ কর্মকর্তা মোহাম্মদ ওসমান প্রথম আলোকে বলেন, অভিযানের নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে দশটা। কিন্তু বৃষ্টির কারণে তখন সিডিএ থেকে বের হওয়া সম্ভব হয়নি। বৃষ্টির তীব্রতা কমে এলে বেলা দুইটার দিকে আগ্রাবাদ আবাসিক এলাকার উদ্দেশে রওয়ানা দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা। মোহাম্মদ ওসমান বলেন, সেখানে গিয়ে দেখা যায়, কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানিতে এলাকা তলিয়ে গেছে। ফলে অভিযানের জন্য নির্ধারিত এলাকায় প্রবেশ করা সম্ভব হয়নি। তবে খুব দ্রুত সেখানে অভিযান চালানো হবে বলে জানান।
সিডিএ নগরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে গত সোমবার থেকে অভিযান শুরু করেছে।