আগ্রাবাদের দুঃখ দূর করার প্রতিশ্রুতি নাছিরের

আগ্রাবাদ থেকে জোয়ার-ভাটার দুর্ভোগ চিরতরে দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তিনি গতকাল সোমবার আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করার সময় এ প্রতিশ্রুতি দেন।
এলাকাবাসী জোয়ার-ভাটা ও জলাবদ্ধতার সমস্যা তুলে ধরলে নাছির উদ্দিন বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার নাগরিকেরা জোয়ার-ভাটায় বন্দী থাকেন। জোয়ারের পানিতে প্লাবিত হয় আবাসিক এলাকা। গত পাঁচ বছরে এর সমাধান করা যায়নি। অথচ সামান্য কয়েকটি স্লুইসগেট দিলেই জোয়ারের পানি ঠেকানো সম্ভব। তখন জলাবদ্ধতাও থাকবে না।
আ জ ম নাসির বলেন, ‘আপনারা আমাকে একবার সুযোগ দিন, হাতি মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন। আমি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দুঃখ জলাবদ্ধতা চিরতরে দূর করে দেব।’
সকাল ১০টায় কর্নেল হাট শাহ সুফি মাইনুদ্দিন শাহর মাজার জিয়ারত করেন আ জ ম নাছির। পরে তিনি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ইশান মহাজন সড়কের বাদামতলী, কর্নেল হাট দাসপাড়া, হরিদাস পাড়া, ধোপাপাড়া, বাঁধন পুকুর পাড়, ইছাক বাজার, কালীবাড়ি, চেয়ারম্যানবাড়ি, বিশ্বাসপাড়া, কাট্টলী মাদ্রাসা রোড, কমিউনিটি সেন্টার রোড, কর্নেল জোন, আর্টিলারি মোড়, হালিশহর এ ও আই ব্লক, সরাইপাড়া ও আবদুর পাড়ায় গণসংযোগ করেন। এ সময় অনেকেই এলাকার নানা সমস্যার চিত্র তুলে ধরেন। নাছির উদ্দিন সেসব অভিযোগ শুনে তা লিখে নিতে তাঁর ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন।
বিভিন্ন এলাকার বিভিন্ন জনের অভিযোগ-অনুযোগের জবাবে নাছির উদ্দিন বলেন, ‘কথা দিচ্ছি, আমি মেয়র নির্বাচিত হলে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে সময় পার করব না। নগরবাসীর পাশে দাঁড়াব। মানুষের কাছে গিয়ে সমস্যার কথা শুনে সমাধান করব। মেয়র পদটা শাসকের নয়, সেবকের। আমি মনে করি, মেয়রের কাছে মানুষ আসবে না, মেয়রই মানুষের কাছে যাবে।’
গতকাল নাছির উদ্দিনের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন।