আগ্রাবাদের সরকারি কর্মচারী ক্লাব দখলমুক্ত, চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার সরকারি কর্মচারী ক্লাবের ভেতরে জুয়া খেলার অপরাধে চারজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে অবৈধ দখলে থাকা ক্লাবটিও দখলমুক্ত করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নাজনীন কাউসার চৌধুরী। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, নগরের আগ্রাবাদের লাকী প্লাজা-সংলগ্ন ৯৫ শতক আয়তনের একটি প্লটে কর্মচারী কল্যাণ বোর্ডের তিনটি স্থাপনা রয়েছে। এগুলো হচ্ছে সরকারি কল্যাণ কেন্দ্র (কমিউনিটি সেন্টার), সরকারি কর্মচারী ক্লাব ও টেনিস ক্লাব। এর মধ্যে প্রায় ১৫ শতক জায়গার ওপর সরকারি কর্মচারী ক্লাবটি নির্মিত।
নাজনীন কাউসার চৌধুরী প্রথম আলোকে জানান, স্থানীয় প্রভাবশালী কিছু লোক ২০০৯ সাল থেকে সরকারি কর্মচারী ক্লাবটি দখল করে রেখেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে ক্লাবটিকে মদ-জুয়ার আসর হিসেবে ব্যবহার করে আসছেন। এই জায়গা দখলমুক্ত করার জন্য সম্প্রতি বিভাগীয় কমিশনার কার্যালয়কে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহর উপস্থিতিতে অভিযান চালিয়ে ক্লাবটি দখলমুক্ত করা হয়।
নাজনীন কাউসার চৌধুরী জানান, ক্লাবের ভেতরে জুয়া খেলার অপরাধে আবু হাশেম (৬২), মো. সুমন (২৫), মো. বিল্লাল (৫০) ও মো. বাদশা মিয়াকে (৫২) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।