আঘাত এড়াতে গাড়িতে আঠালো প্রলেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পথচারীদের জখম যতটা সম্ভব কমানোর লক্ষ্যে গুগল একটি বিশেষ গাড়ি বানাচ্ছে। এতে থাকবে একধরনের চটচটে প্রলেপ। তাই কেউ এ গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়বেন না, বরং আটকে যাবেন বনেটের সঙ্গে। ফলে আঘাত বা মৃত্যুর আশঙ্কা অনেকটাই কমবে।
প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান গুগল ইতিমধ্যে গাড়িটির পেটেন্ট করিয়েছে। তবে এ ব্যবস্থা চালকবিহীন গাড়িতে যুক্ত করবে কি না, জানায়নি তারা। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরিবহন নিরাপত্তা বিষয়ের অধ্যাপক অ্যান্ড্রু মরিস বলেছেন, পথচারীরা দুর্ঘটনার সময় বনেটের সঙ্গে ধাক্কায় সব সময় আহত হন না। কিন্তু গাড়িচালক ব্রেক চাপলে সেটার প্রতিক্রিয়ায় পথচারী ছিটকে দূরে গিয়ে পড়েন। আঘাতটা তখনই বেশি লাগে।
নতুন গাড়িটির বনেটে আঠালো স্তর লুকোনো থাকবে একটি সুরক্ষিত আবরণের নিচে। চলাচলের সময় ময়লা-আবর্জনা যাতে গাড়িতে আটকে না যায়, সে জন্যই এ ব্যবস্থা। গাড়িতে এসে কোনো ব্যক্তি বা বস্তু ধাক্কা খেলে প্রাথমিক প্রতিক্রিয়ায় সেই আবরণ ভেঙে আঠালো স্তরটি উন্মুক্ত হবে।
রয়েল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাকসিডেন্টসের সড়ক নিরাপত্তা বিভাগের প্রধান কেভিন ক্লিনটন বলেন, মোটরগাড়ির প্রযুক্তি অনেক বদলাচ্ছে। গাড়িতে আঠালো প্রলেপ লাগিয়ে দুর্ঘটনা কমানোর অভিনব ধারণাই এর প্রমাণ।