আঘাতজনিত কারণেই কামরুন্নাহারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঘাতজনিত কারণেই গৃহবধূ কামরুন্নাহার নাদিয়ার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। খুনের দায়ে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা নাদিয়ার স্বামী সিকদার শফিকুর রহমান বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে হাজারীবাগ থানার পুলিশ।কামরুন্নাহারকে হত্যার পর গাড়িতে লাশ বসিয়ে রাজধানীতে নয় ঘণ্টা ঘোরার পর লাশসহ গত রোববার সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেপ্তার হন শফিকুর। গ্রেপ্তারের পর শফিকুর দাবি করেছিলেন, তিনি কামরুন্নাহারকে মারধর করেছিলেন—এ কারণে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন কামরুন্নাহার। আবার কখনো বলেছেন, ঘুমের ওষুধ সেবনের কারণে কামরুন্নাহারের মৃত্যু হয়েছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল কামরুন্নাহারের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মাথাসহ শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তবে কোনো জায়গায় ত্বক ফাটেনি, অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও বলা হয়, ঘুমের ওষুধ সেবন বা বিষপানে কামরুন্নাহারের মৃত্যু হয়েছে বলে যে তথ্য দিয়েছেন তাঁর গ্রেপ্তার হওয়া স্বামী শফিকুর, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। ওসি জানান, জিজ্ঞাসাবাদে শফিকুর প্রচুর মিথ্যা তথ্য দিচ্ছেন। মিথ্যাচার ধরা পড়লে তিনি আবার নতুন করে মিথ্যা তথ্য দিচ্ছেন।পুলিশ সূত্র জানায়, কামরুন্নাহারকে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে, যাতে শরীরের ওপরের অংশে কোনো স্থায়ী চিহ্ন না পড়ে। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হত্যার কারণ সম্পর্কে এখনো মুখ খোলেননি শফিকুর। মাঝেমধ্যে তিনি দাম্পত্য কলহের কথা বললেও তা যুক্তিযুক্ত নয় বলে জানান পুলিশের কর্মকর্তারা।এদিকে স্বজনেরা জানান, বরিশাল শহরের কাউনিয়ায় কামরুন্নাহারের বাবার ১৫ শতাংশ জমি দখল করতে চেয়েছিলেন শফিকুর। এ জন্য চলতি বছরের শুরুতে জোর করে কামরুন্নাহারকে বরিশালে নিয়ে যান শফিকুর। সেখানেই থাকতে বাধ্য করেন। কামরুন্নাহারের বাবার জমির ওপর দোকান ও বাড়ি তৈরির পরিকল্পনাও করেছিলেন তিনি। পরিকল্পনার অংশ হিসেবে কয়েকটি দোকানঘর তৈরি ও পুকুর ভরাটের কাজও শুরু করেছিলেন তিনি। জমিটি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য শফিকুর বিভিন্ন সময় চেষ্টা করেন। নির্যাতন ও হত্যার পেছনে জমি নেওয়ার এই বিষয়টি কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।